Congress CWC demands CEC Gyanesh Kumar’s resignation, suspension of SIR and restoration of 13.3 crore deleted voter names

Congress: ‘ভোটে কারচুপি’, জ্ঞানেশ কুমারের সঙ্গে মোদীর পদত্যাগও চাইল কংগ্রেস SIR স্থগিতের দাবি

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ, ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা SIR স্থগিত এবং ভোটার তালিকা থেকে বাদ পড়া ১৩ কোটি ৩০ লক্ষ নাম অবিলম্বে পুনর্বহালের দাবি তুলল কংগ্রেস। মঙ্গলবার দলের ওয়ার্কিং কমিটির বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিও জানানো হয়েছে।

প্রায় আড়াই ঘণ্টার বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী বঢরা-সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকের পর সাংবাদিক বৈঠকে কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এবং জয়রাম রমেশ দলের অবস্থান তুলে ধরেন।

জয়রাম রমেশের দাবি, রাহুল গান্ধী গত কয়েক মাস ধরে হরিয়ানা, কর্নাটক এবং মহারাষ্ট্রের নির্বাচন নিয়ে যে প্রশ্ন তুলেছিলেন, সাম্প্রতিক ঘটনাবলি তাঁর বক্তব্যকে সমর্থন করেছে। তাঁর অভিযোগ, দেশের নির্বাচন আর অবাধ ও স্বচ্ছ থাকছে না। কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে যোগসাজশের অভিযোগও তোলা হয়েছে।

আরও পড়ুন : CJI Surya Kant: শান্তিপূর্ণ প্রতিবাদে পড়ুয়াদের অধিকার রক্ষা করবে আদালত, বললেন CJI সূর্য কান্ত

CWC-র গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, জ্ঞানেশ কুমার তাঁর ‘নৈতিক ও প্রাতিষ্ঠানিক কর্তৃত্ব’ হারিয়েছেন। তাই অবিলম্বে তাঁর পদত্যাগ দাবি করেছে দল। একই সঙ্গে ভোটার তালিকার স্বচ্ছতা এবং SIR-এর সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে এই প্রক্রিয়া স্থগিতের দাবি জানানো হয়েছে।

কংগ্রেসের আরও দাবি, SIR-এর মাধ্যমে ভোটার তালিকা থেকে বাদ পড়া ১৩ কোটি ৩০ লক্ষ নাম অবিলম্বে ফিরিয়ে দিতে হবে। দলের অভিযোগ, এই বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ যাওয়ার ঘটনায় ভোটাধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে। বেণুগোপালের দাবি, জ্ঞানেশ কুমার একা নন, এই বিষয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীরও ‘নৈতিক দায়’ রয়েছে। তাই প্রধানমন্ত্রী মোদীর পদত্যাগের দাবি জানানো হয়েছে বলে জানান তিনি।

অন্য দিকে, SIR নিয়ে নির্বাচন কমিশনের দুই সদস্য সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক জোশী গত ১০ মাসে অন্তত ১৪ বার আপত্তি জানিয়েছিলেন বলে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে। কমিশনের বক্তব্য, মতপার্থক্য কোনও প্রতিষ্ঠানের আলোচনাপ্রক্রিয়ায় স্বাভাবিক বিষয় এবং তাদের সমস্ত নির্দেশ আইন ও নির্ধারিত প্রক্রিয়া মেনেই জারি করা হয়েছে।

আরও পড়ুন : SIR পূর্ণ তথ্য প্রকাশ করুক কমিশন, তৃতীয় দফার এসআইআর বাতিল হোক’, দাবি প্রাক্তন নির্বাচন কমিশনারের