ফ্লোরিডা: সাধারণত কুমির দেখলে মানুষ দূরে সরে যান। আর সেখানে যদি সেই কুমিরের ওজন হয় ২৫০ পাউন্ডেরও বেশি, অর্থাৎ প্রায় ১১৩ কেজি, তাহলে তাকে কোলে তুলে হাঁটার কথা ভাবাও কঠিন। কিন্তু সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় ঠিক এমনই দৃশ্য দেখা গেল। বিশালাকার একটি কুমিরকে দিব্যি কোলে তুলে হাঁটছেন এক মহিলা। ভিডিয়োটি সামনে আসতেই অবাক নেটপাড়া।
কুমিরটির নাম ডার্থ। ভিডিয়োটি প্রকাশ করেছে ‘রেপ্টাইল জু’-র অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। সেখানে দেখা যাচ্ছে, জু-র এক মহিলা কর্মী বিশাল কুমিরটিকে দু’হাতে তুলে নিয়ে বেশ স্বাভাবিকভাবেই হাঁটছেন। সবচেয়ে অবাক করার মতো বিষয়, ডার্থও যেন পুরো ঘটনায় বেশ নিশ্চিন্ত!
পোস্টে ওই মহিলা জানিয়েছেন, ডার্থের সঙ্গে তাঁর দীর্ঘদিনের পরিচয়। সেই সময়ের মধ্যে তাঁদের মধ্যে একটি বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে বলেও তিনি জানান। ফলে কুমিরটি তাঁর কাছে কিছুটা পরিচিত হলেও তার বিশাল আকার দেখে দর্শকদের চোখ কপালে ওঠাই স্বাভাবিক।
ভিডিয়োটির সঙ্গে অবশ্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তাও রয়েছে। ডার্থ যতই শান্ত থাকুক, সে এখনও একটি বন্য প্রাণী। তাই তার আচরণকে কখনওই হালকাভাবে নেওয়া উচিত নয় বলে স্পষ্ট করা হয়েছে।
ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর নেটিজেনদের প্রতিক্রিয়াও বেশ মজার। কেউ কুমিরটির আকার দেখে হতবাক, কেউ আবার ওই মহিলার সাহস দেখে অবাক। অনেকেই প্রশ্ন করেছেন, এত বড় কুমিরকে কীভাবে এত সহজে কোলে তুলে নেওয়া সম্ভব!
তবে ভিডিয়োর আসল আকর্ষণ সম্ভবত অন্য জায়গায়—একদিকে ১১৩ কেজির বিশাল কুমির, অন্যদিকে তাকে কোলে নিয়ে একেবারে স্বাভাবিক ভঙ্গিতে হাঁটছেন এক মহিলা! সেই অদ্ভুত দৃশ্যই এখন নেটদুনিয়ার কৌতূহলের কারণ।