নাগোয়া, ২৯ সেপ্টেম্বর: অপেক্ষার অবসান। এশিয়ান গেমসে ব্যক্তিগত ট্র্যাপ শুটিংয়ে ৪৭ বছর পর সোনা জিতল ভারত। মঙ্গলবার নাগোয়ায় মহিলাদের ট্র্যাপের ফাইনালে দুরন্ত পারফরম্যান্স করে ঐতিহাসিক সোনা জিতলেন ভারতের ২৬ বছরের শুটার নীরু ধান্ডা। একই সঙ্গে এশিয়ান গেমসের ইতিহাসে ট্র্যাপ শুটিংয়ে ব্যক্তিগত সোনা জেতা প্রথম ভারতীয় মহিলা শুটার হলেন তিনি।
প্রতিকূল আবহাওয়াও নীরুর লক্ষ্যভেদে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ফাইনালে মোট ২৮ পয়েন্ট সংগ্রহ করেন তিনি, যা এশিয়ান গেমসের নতুন রেকর্ড। দ্বিতীয় স্থানে থাকা চিনের ইউনং সুনের থেকে দু’পয়েন্ট এগিয়ে থেকেই সোনা নিশ্চিত করেন নীরু। ২১ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জেতেন হাজর আবদুলমালক।
নীরুর এই সাফল্য ভারতীয় শুটিংয়ের ইতিহাসেও বিশেষ তাৎপর্যপূর্ণ। এর আগে ১৯৭৮ সালের এশিয়ান গেমসে রণধীর সিংহ ব্যক্তিগত ট্র্যাপ ইভেন্টে সোনা জিতেছিলেন। চলতি বছরের গোড়ায় তাঁর মৃত্যু হয়েছে। এত দিন ট্র্যাপ শুটিংয়ে ব্যক্তিগত সোনার একমাত্র ভারতীয় মালিক ছিলেন তিনিই।
আরও পড়ুন : Zaheer Khan: ধোনিদের নতুন কোচ জাহির খান, লখনউয়ের প্রাক্তন মেন্টরকে দায়িত্ব দিল চেন্নাই
গত কয়েক বছর ধরেই ধারাবাহিক সাফল্য পাচ্ছিলেন নীরু। ২০২৫ সালে শ্যামকেন্টে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন তিনি। চলতি মরসুমে লোনাতো বিশ্বকাপে সোনা জিতে প্রথম ভারতীয় মহিলা হিসেবে আইএসএসএফ বিশ্বকাপের ট্র্যাপ ইভেন্টে সোনা জয়ের নজিরও গড়েন।
এশিয়ান গেমসেও শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন নীরু। যোগ্যতা পর্বে শীর্ষস্থান দখল করার পাশাপাশি দলগত ইভেন্টে ভারতকে রুপো এনে দেন তিনি। সেই দলে ছিলেন মনীষা কীর এবং আশিমা আহলাওয়াত। দলগত বিভাগে সোনা জেতে চিন।
পুরুষদের ট্র্যাপে অবশ্য ভারতকে হতাশ হতে হয়েছে। একমাত্র ফাইনালিস্ট শপথ ভরদ্বাজ অষ্টম স্থানে শেষ করেন। সোনা জেতেন কুয়েতের খালেদ আলমুদাফ। তাঁর সংগ্রহ ২৬ পয়েন্ট। রুপো পান চাইনিজ তাইপের কুন-পি ইয়াং এবং ব্রোঞ্জ জেতেন চিনের ইং কিউ।