কলকাতা: নন্দীগ্রাম উপনির্বাচনের আগে ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশন ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) মধ্যে তৈরি হওয়া বিতর্কে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল কলকাতা হাই কোর্ট। আইএসএফের হয়ে ব্যবহৃত ‘খাম’ প্রতীক নবগঠিত ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেসকে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি কৃষ্ণ রাও। তাঁর পর্যবেক্ষণ, নির্বাচন কমিশনের উচিত নিরপেক্ষ ও ন্যায্যভাবে কাজ করা।
আইএসএফের দায়ের করা মামলার শুনানিতে আদালত জানতে চায়, কমিশনের হাতে ১৮৩টি মুক্ত প্রতীক থাকা সত্ত্বেও নন্দীগ্রাম উপনির্বাচনে যে দলটির সঙ্গে আইএসএফও প্রতিদ্বন্দ্বিতা করছে, সেই ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেসকে কেন ‘খাম’ প্রতীক দেওয়া হল। আদালতের পর্যবেক্ষণ, এই প্রতীকটি আপাতত সংরক্ষিত রাখা যেত।
শুনানির সময় বিচারপতি কৃষ্ণ রাও নির্বাচন কমিশনের আইনজীবীকে প্রশ্ন করেন, কমিশনের সিদ্ধান্তের কারণে কেন বারবার মানুষকে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। কমিশনের আইনজীবী জানান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বেছে নেওয়ার সুযোগ থাকে। যদিও আইএসএফের আইনজীবী এই বক্তব্যের বিরোধিতা করে জানান, শেষ পর্যন্ত প্রতীক বরাদ্দ করে নির্বাচন কমিশনই।
আরও পড়ুন : World’s Narrowest Car : বিশ্বের সবচেয়ে সরু গাড়ি, চওড়া মাত্র ৫০ সেন্টিমিটার! অনায়াসে ঢুকবে শোবার ঘরে
আইএসএফের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য আদালতে জানান, দলটি ২০২১ সাল থেকে ‘খাম’ প্রতীক ব্যবহার করে নির্বাচনে লড়েছে। এবারও নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে আইএসএফ প্রার্থী দিয়েছে। অথচ নির্বাচন কমিশন তাদের ‘খাম’ প্রতীক না দিয়ে ‘আলমারি’ প্রতীক বরাদ্দ করেছে। একই নির্বাচনে অন্য একটি দলকে পুরনো প্রতীক দেওয়ায় ভোটারদের মধ্যে বিভ্রান্তির আশঙ্কার কথাও আদালতে জানানো হয়।
প্রসঙ্গত, তৃণমূলের অভ্যন্তরীণ বিরোধের জেরে নির্বাচন কমিশন ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম ও ‘জোড়া ঘাসফুল’ প্রতীক আপাতত হিমঘরে রেখেছে। উপনির্বাচনের জন্য মমতা-নেতৃত্বাধীন গোষ্ঠীকে ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নামে ‘ফুটবল খেলোয়াড়’ প্রতীক এবং অন্য গোষ্ঠীকে ‘ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেস’ নামে ‘খাম’ প্রতীক দেওয়া হয়েছে।
৬ অক্টোবর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা। খাম প্রতীক নিয়ে মামলার পরবর্তী শুনানি শুক্রবার।
আরও পড়ুন : Gautam Adani : বাংলায় ১০.৪ বিলিয়ন ডলার বিনিয়োগ আদানি গোষ্ঠীর, সংস্কার হবে রাইটার্স-কুমোরটুলি ঘাটও