কলকাতা: পশ্চিমবঙ্গে আগামী ২০৩৫ সালের মধ্যে প্রায় ১০.৪ বিলিয়ন ডলার বা প্রায় ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করল আদানি গোষ্ঠী। বন্দর, সড়ক, বিদ্যুৎ উৎপাদন, লজিস্টিকস এবং বৃহৎ ডেটা সেন্টার-সহ একাধিক ক্ষেত্রে এই বিনিয়োগ করা হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি।
নিউ টাউনে ২,০০০ শয্যার ‘আদানি আরোগ্য মন্দির’ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই ঘোষণা করেন তিনি। প্রায় ৪,০০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হতে চলা এই হাসপাতাল থেকে প্রায় ১০ হাজার কর্মসংস্থান তৈরি হবে বলে জানানো হয়েছে। হাসপাতালটি অলাভজনক ভিত্তিতে পরিচালিত হবে। এর অর্ধেক শয্যা অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণির মানুষের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি ও কেন্দ্রীয় স্বাস্থ্য বিমা প্রকল্পের আওতাভুক্ত রোগীরাও সেখানে চিকিৎসার সুযোগ পাবেন। হাসপাতালের সঙ্গে মেডিক্যাল কলেজ, গবেষণা এবং স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
এ দিনই গৌতম আদানি কলকাতার কালীঘাট মন্দিরে পুজো দেন। পরে শিল্পমহলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। পশ্চিমবঙ্গে আদানি গোষ্ঠীর পরিকাঠামো সম্প্রসারণের যুক্তি ব্যাখ্যা করে তিনি বলেন, বন্দর উন্নত হলে লজিস্টিকস শক্তিশালী হয়, তার ফলে শিল্প আসে। শিল্প থেকে উৎপাদন বাড়ে এবং উৎপাদনের জন্য প্রয়োজন শক্তি ও ডিজিটাল পরিকাঠামো। এই ধারাবাহিকতায় কর্মসংস্থানও বাড়ে।
পশ্চিমবঙ্গকে উত্তর-পূর্ব ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে দেশের একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক ও লজিস্টিক সংযোগস্থল হিসেবেও উল্লেখ করেন আদানি। পাশাপাশি কলকাতার ঐতিহাসিক রাইটার্স বিল্ডিংয়ের সংস্কার, কুমোরটুলি ঘাটের পুনরুজ্জীবন এবং কলকাতার দুর্গাপুজোকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরার বিভিন্ন উদ্যোগে সহযোগিতার কথাও ঘোষণা করেন তিনি।
আদানির কথায়, গুজরাতের মুন্দ্রা বন্দর তাঁর গোষ্ঠীর প্রথম ‘কর্মভূমি’। এবার পশ্চিমবঙ্গকে দ্বিতীয় কর্মভূমি হিসেবে গড়ে তোলার প্রত্যাশা রয়েছে।