শ্রীরামপুর: নির্বাচনের ফল প্রকাশের পর কলকাতার বাইরে আজ প্রথম রাজনৈতিক কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের। হুগলির শ্রীরামপুর কোর্ট মাঠে বিকেলে সভা করবেন তৃণমূল নেত্রী। তবে এই সভাকে ঘিরে শুরু থেকেই তৈরি হয়েছে একাধিক জটিলতা। পুলিশের অনুমতি না মেলায় শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হতে হয়েছিল তৃণমূলকে। কলকাতা হাই কোর্টের নির্দেশেই শনিবার সভা করতে চলেছেন মমতা।
প্রাথমিক ভাবে মাহেশ থেকে শ্রীরামপুর কোর্ট পর্যন্ত মিছিল করার পরিকল্পনা ছিল তৃণমূলের। ১১ সেপ্টেম্বর সেই কর্মসূচি হওয়ার কথা থাকলেও পুলিশ অনুমতি দেয়নি। এরপর শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে মামলা করেন। শুনানির পর হাই কোর্ট মিছিলের পরিবর্তে সভা করার অনুমতি দেয় এবং কর্মসূচির সময় ও জমায়েতের ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত বেঁধে দেয়।
আদালতের নির্দেশ অনুযায়ী বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সভা শেষ করতে হবে। পাশাপাশি সর্বোচ্চ এক হাজার মানুষের জমায়েতের অনুমতি দেওয়া হয়েছে। আদালতের পর্যবেক্ষণ ছিল, শ্রীরামপুর কোর্ট মাঠ তুলনামূলক ভাবে ছোট। সেখানে দুই হাজার বা তার বেশি মানুষের জমায়েত হলে নিরাপত্তা নিয়ে সমস্যা তৈরি হতে পারে।
এর মধ্যেই সভার আগের রাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের হুগলি জেলা পরিষদের প্রাক্তন সদস্য টুম্পা মেটে। চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ডানকুনি থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্যানেলে তাঁর নাম ছিল বলেও অভিযোগ রয়েছে। তবে টুম্পা অভিযোগ অস্বীকার করে পুরো বিষয়টিকে মিথ্যা এবং রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছেন।
তৃণমূলের দাবি, নানা প্রতিকূলতার মধ্যেও সভার প্রস্তুতি চলছে। দলের হুগলি জেলা নেতৃত্ব জানিয়েছে, আদালতের নির্দেশ মেনেই কর্মসূচি হবে। তবে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে মমতাকে ঘিরে উৎসাহ রয়েছে বলেও দাবি করা হয়েছে। নির্বাচনের ফলের পর কলকাতায় একাধিক কর্মসূচি করলেও এই প্রথম জেলার মাটিতে সভা করতে চলেছেন মমতা। ফলে শ্রীরামপুরের কর্মসূচির দিকে রাজনৈতিক মহলের নজর রয়েছে।