মুম্বই, ২৭ সেপ্টেম্বর: মা হওয়ার পর শরীরে পরিবর্তন আসা স্বাভাবিক। কিন্তু সেই স্বাভাবিক পরিবর্তন নিয়েই গত কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রী স্বরা ভাস্করকে। এবার সেই ট্রোলিংয়ের জবাব দিলেন নিজের মতো করেই। কটাক্ষকারীদের দেওয়া একটি শব্দকেই পোশাকের অংশ করে প্রকাশ্যে হাজির হলেন অভিনেত্রী।
সম্প্রতি ‘রাইজ অ্যান্ড ফল’ সিজন ২-এর প্রিমিয়ারে স্বরার সাজ নজর কেড়েছে। বেগুনি রঙের জমকালো শাড়ির সঙ্গে তিনি পরেছিলেন বিশেষ ধরনের একটি ব্লাউজ। সেই ব্লাউজে বড় করে লেখা ছিল ‘মোটি’। যে শব্দটি ব্যবহার করে তাঁকে দীর্ঘদিন ধরে শরীর নিয়ে কটাক্ষ করা হয়েছে, সেটিকেই এবার নিজের স্টাইল স্টেটমেন্ট বানিয়ে নিলেন অভিনেত্রী।
২০২৩ সালে কন্যাসন্তান রাবিয়ার জন্মের পর থেকেই তাঁর ওজন এবং শারীরিক গঠন নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য করা হয়েছে বলে জানান স্বরা। অচেনা নেটিজেনদের একাংশ তাঁকে বিভিন্ন অবমাননাকর নামে সম্বোধন করেছেন। কিন্তু সেই মন্তব্যে নিজেকে গুটিয়ে না নিয়ে বরং পরিস্থিতির মোকাবিলা করার পথ বেছে নিয়েছেন তিনি।
আরও পড়ুন : Raaka: মুক্তির আগেই গিনেস রেকর্ড দীপিকা-আল্লুর ৮০০ কোটির ‘রাকা’র
রিয়্যালিটি শোয়ের সঞ্চালক প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগের সঙ্গে কথোপকথনের সময় নিজের পোশাকের নেপথ্যের ভাবনাও জানান স্বরা। তাঁর বক্তব্য, শরীর নিয়ে লজ্জা পাওয়ার কোনও কারণ নেই। তাই অন্যরা যে শব্দকে অপমান করার অস্ত্র হিসেবে ব্যবহার করেছে, সেটিকেই তিনি নিজের আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে গ্রহণ করেছেন।
‘রাইজ অ্যান্ড ফল’ সিজন ২-এ প্রতিযোগী হিসেবেও দেখা যাচ্ছে স্বরাকে। তাঁর সঙ্গে রয়েছেন করণ প্যাটেল, তেজ প্রতাপ যাদব, প্রিয়াঙ্কা চাহর চৌধুরী, গৌতম গুলাটি এবং শেহজাদ পুনাওয়ালার মতো পরিচিত মুখ। শো ঘিরে নানা আলোচনার মধ্যেই স্বরার এই পোশাক ও বক্তব্য নতুন করে নজর কেড়েছে।মা হওয়ার পর শরীরের পরিবর্তন নিয়ে যে সামাজিক চাপ এবং অনলাইন কটাক্ষের মুখোমুখি হতে হয়, স্বরার এই পদক্ষেপ সেই বিষয়টিকেই ফের সামনে নিয়ে এসেছে।
আরও পড়ুন : Mahatma Gandhi: মহাত্মা গান্ধীর দেখা একমাত্র সিনেমা! লখনউ প্রদর্শনীতে বিরল ‘রাম রাজ্য’-র পোস্টার