Mamta Kulkarni dances to 90s Bollywood hits after embracing spiritual life

Mamta Kulkarni: সন্ন্যাসের পর ফের গ্ল্যামারাস অবতারে মমতা কুলকার্নি, নাচের ভিডিয়ো ঘিরে চর্চা

জয়পুর: একসময় বলিউডের পর্দায় ঝড় তোলা মমতা কুলকার্নিকে ফের দেখা গেল তাঁর চেনা গ্ল্যামারাস অবতারে। জয়পুরে আয়োজিত ১৪তম রাজস্থান ফিল্ম ফেস্টিভ্যালে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড গ্রহণ করতে গিয়ে নিজের অভিনীত ছবির গানে নাচলেন অভিনেত্রী। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নতুন করে আলোচনায় এসেছে তাঁর বদলে যাওয়া জীবনযাপন ও সাজপোশাক।

অনুষ্ঠানে মমতার অভিনীত ‘ঘাতক’ এবং ‘করণ অর্জুন’-এর গান বাজানো হয়। সেই গানের তালে উপস্থিত পড়ুয়াদের সঙ্গে নাচতে দেখা যায় তাঁকে। তবে নাচের পাশাপাশি সবচেয়ে বেশি নজর কেড়েছে অভিনেত্রীর পোশাক। ঝলমলে সাজে মঞ্চে দেখা যায় তাঁকে। ফলে ২০২৫ সালে সন্ন্যাস গ্রহণের পর গেরুয়া পোশাকে যে আধ্যাত্মিক রূপে মমতাকে দেখা গিয়েছিল, তার সঙ্গে সাম্প্রতিক ছবির বেশ পার্থক্য চোখে পড়েছে।

আরও পড়ুন : Mithu Mukherjee: মিঠু মুখোপাধ্যায় প্রয়াত, ৭১-এ থামল ‘মৌচাক’-এর নায়িকার অভিনয়যাত্রা

মমতা কুলকার্নি ২০২৫ সালের ২৪ জানুয়ারি প্রয়াগরাজে মহাকুম্ভ চলাকালীন সন্ন্যাস গ্রহণ করেছিলেন। পরে তাঁর আধ্যাত্মিক নাম হয় মমতানন্দ গিরি। কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর পদেও তাঁকে নিযুক্ত করা হয়েছিল। যদিও সেই নিয়োগ ঘিরে পরে বিতর্ক তৈরি হয়। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওই পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন অভিনেত্রী। পরে অবশ্য তিনি দাবি করেন, তাঁর পদত্যাগ গ্রহণ করা হয়নি। আধ্যাত্মিক জীবনেই এগিয়ে যাওয়ার ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি।

এবার মমতার নতুন ভিডিয়ো ঘিরে সমাজমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ তাঁর নাচ ও চেহারার প্রশংসা করেছেন, আবার কেউ সন্ন্যাস গ্রহণের প্রসঙ্গ টেনে কটাক্ষ করেছেন। এক নেটাগরিক লিখেছেন, তিনি তো সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন। অন্য একজনের মন্তব্য, ‘মোক্ষ থেকে আবার মায়ায়’ ফিরে এসেছেন মমতা।

তবে সমালোচনার পাশাপাশি অনুরাগীদের একাংশ মমতার প্রশংসাও করেছেন। তাঁদের কথায়, নয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রীকে এখনও আগের মতোই আকর্ষণীয় দেখাচ্ছে। ফলে সন্ন্যাস থেকে ফের গ্ল্যামারাস মঞ্চে মমতার উপস্থিতি আপাতত বলিউডপ্রেমীদের মধ্যে নয়ের দশকের নস্ট্যালজিয়া ফিরিয়ে এনেছে।

আরও পড়ুন : Oscar 2027: অস্কারে বাংলাদেশের প্রতিনিধি ‘রইদ’, সুমনের ছবির আন্তর্জাতিক যাত্রা শুরু