Milan Pradhan,: Calcutta High Court defers interim bail decision for Nandigram candidate Milan Pradhan

Milan Pradhan: অন্তর্বর্তী জামিন পেলেন না মিলন! রক্ষাকবচও খারিজ হাইকোর্টে

কলকাতা:  নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের বিষয়ে শুক্রবারও চূড়ান্ত নির্দেশ দিল না কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে তাঁকে উপনির্বাচনে লড়ার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছিল। তবে শুক্রবার জানা যায়, মিলনের বিরুদ্ধে আরও দু’টি মামলায় জামিনের আবেদন রয়েছে। সেই দুই মামলার শুনানি সোমবার হওয়ার পরই অন্তর্বর্তী জামিন নিয়ে নির্দেশ দেবে আদালত।

মিলনের বিরুদ্ধে একাধিক পুরনো মামলায় জামিনের আবেদন নিয়ে বুধবার হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁর আইনজীবীরা। বৃহস্পতিবার শুনানিতে বিচারপতি ঘোষ মৌখিক ভাবে জানান, মিলনকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত এবং অন্তর্বর্তী জামিনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। সেই সময় আদালত জানিয়েছিল, বাকি বিষয় মামলার পরবর্তী শুনানিতে নির্ধারিত হবে।

আরও পড়ুন : Election Campaign: বিজেপির হয়ে প্রচারের জন্য সায়ক পেয়েছে ২.৫ লাখ, শমীক ১৩ লাখ! হইচই সোশ্যাল মিডিয়া জুড়ে

এর মধ্যে শুক্রবার নতুন মামলায় মিলনের রক্ষাকবচ নিয়েও গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের বেঞ্চ সিঙ্গল বেঞ্চের দেওয়া সুরক্ষা খারিজ করে দেয়। মিলনকে ওই মামলায় নতুন করে জামিনের আবেদন করতে বলা হয়েছে। মিলনকে সেপ্টেম্বর মাসে পূর্ব মেদিনীপুরের একটি ২০০৭ সালের মামলায় গ্রেফতার করা হয়। নন্দীগ্রামের জমি অধিগ্রহণ-বিরোধী আন্দোলনের সময়কার একাধিক মামলায় তাঁর বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা-সহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

অন্য দিকে, বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ একটি মামলায় ১২ অক্টোবর পর্যন্ত মিলনের বিরুদ্ধে নতুন করে কড়া পদক্ষেপ না করার নির্দেশ দিয়েছিল। রাজ্য সেই নির্দেশকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে। শুক্রবার সেই রক্ষাকবচও খারিজ হয়েছে। ফলে এখন সোমবারের দুই মামলার শুনানির দিকেই নজর মিলনের জামিনের আবেদনে।

আরও পড়ুন : ISF Logo: ‘খাম’ প্রতীক আইএসএফ- এর কাছ থেকে কেন নেওয়া হল? নির্বাচন কমিশনকে প্রশ্ন হাই কোর্টের