West Bengal Govt launches special AC bus, tram and launch services for Durga Puja heritage tours

Durga Puja 2026: বেলুড় মঠ থেকে সাবর্ণ বাড়ি, এসি বাস-ট্রাম-লঞ্চে বনেদি পুজো পরিক্রমায় মেগা আয়োজন রাজ্যের

 

কলকাতা:  দুর্গাপুজোয় কলকাতা ও শহরতলির বনেদি বাড়ি এবং জনপ্রিয় পুজোমণ্ডপ ঘুরে দেখার জন্য বিশেষ পরিবহণ পরিষেবা চালু করছে রাজ্য পরিবহণ দফতর। ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত পুজো পরিক্রমার জন্য একাধিক বিশেষ পরিষেবা চালানোর পরিকল্পনা করা হয়েছে। এসি ভলভো বাসের পাশাপাশি থাকছে বিশেষ ট্রাম এবং লঞ্চে ভ্রমণের সুযোগও।

১৭ থেকে ২০ অক্টোবর আয়োজন করা হবে ‘বনেদি বাড়ি পুজো পরিক্রমা’। এই সফরে দর্শনার্থীদের নিয়ে যাওয়া হবে বেলুড় মঠ, বাগবাজারের হালদার বাড়ি, বিডন স্ট্রিটের ছাতুবাবু-লাটুবাবুর বাড়ি, রানি রাসমণির বাড়ি এবং বেহালার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের বাড়ি-সহ একাধিক ঐতিহ্যবাহী ঠিকানায়।এই হেরিটেজ ট্যুরে ব্যবহার করা হবে এসি ভলভো বাস। সকাল ৮টায় এসপ্ল্যানেড ট্রাম টার্মিনাস থেকে বাস ছাড়বে। মাথাপিছু ভাড়া ২,৪০০ টাকা। প্যাকেজের মধ্যে সকালের জলখাবার এবং দুপুরের খাবারও থাকছে।

আরও পড়ুন : Kali Puja 2024: কালী পুজোর আগে চোদ্দ শাক খাওয়ার নিয়ম, কোন শাকের কী গুণ?

শুধু বনেদি বাড়ি নয়, কলকাতার জনপ্রিয় বারোয়ারি দুর্গাপুজো ঘুরে দেখার জন্যও থাকছে পৃথক বিশেষ বাস পরিষেবা। মহম্মদ আলি পার্ক, একডালিয়া, সিংহী পার্ক, মুদিয়ালি, কলেজ স্কোয়ার এবং বাগবাজার সর্বজনীন-সহ একাধিক পুজোমণ্ডপ এই তালিকায় রয়েছে। ১৭, ১৮ এবং ২০ অক্টোবর এসপ্ল্যানেড ও বারাসত থেকে এই পরিষেবা পাওয়া যাবে। এসপ্ল্যানেড থেকে ভাড়া ২,৪০০ টাকা এবং বারাসত থেকে ২,৫০০ টাকা। এখানেও খাবারের খরচ প্যাকেজের মধ্যেই ধরা হয়েছে।

পুজোর সময়ে পর্যটকদের জন্য বিশেষ এসি ট্রাম পরিষেবারও ব্যবস্থা করা হয়েছে। এসপ্ল্যানেড-শ্যামবাজার এবং এসপ্ল্যানেড-গড়িয়াহাট রুটে চলবে বিশেষ ট্রাম। ফলে পুজো পরিক্রমার সঙ্গে কলকাতার ঐতিহ্যবাহী ট্রামযাত্রার অভিজ্ঞতাও নেওয়া যাবে। এছাড়া হুগলি নদীতে লঞ্চে ভ্রমণের সঙ্গে পুজো পরিক্রমার ব্যবস্থাও থাকছে। নদীপথে ঘোরার পর বাসে করে বিভিন্ন পুজোমণ্ডপে নিয়ে যাওয়া হবে দর্শনার্থীদের। ১৯ অক্টোবর কামারপুকুর ও জয়রামবাটি ভ্রমণের জন্যও বিশেষ প্যাকেজ রাখা হয়েছে।

পরিবহণ দফতর জানিয়েছে, কলকাতার পাশাপাশি বারাসত, হাওড়া-সহ অন্যান্য জায়গা থেকেও পুজোর সময়ে বিশেষ পরিষেবা চালানো হবে। উৎসবের মরসুমে দর্শনার্থীদের যাতায়াত সহজ করার পাশাপাশি কলকাতার ঐতিহ্য ও বনেদি পুজোর সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য।

আরও পড়ুন : Durga Puja 2026: সুরুচি সংঘের থিম ভাবনায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজনৈতিক জীবন এবং বঙ্গভঙ্গের প্রেক্ষাপট