Shah Rukh Khan remains India’s richest actor despite a ₹2,490 crore drop in wealth

Shah Rukh Khan: এক বছরে প্রায় ২,৫০০ কোটি কমল শাহরুখের সম্পত্তি, তবু দেশের ধনীতম অভিনেতা বাদশাই

মুম্বই: একসময় ১০ হাজার কোটির গণ্ডি পেরিয়ে দেশের ধনীতম অভিনেতার তকমা পেয়েছিলেন শাহরুখ খান। কিন্তু এক বছরের ব্যবধানে তাঁর মোট সম্পত্তির হিসাব অনেকটাই কমেছে। ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট’-এর ২০২৬ সালের হিসাব অনুযায়ী, শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ এখন প্রায় ১০ হাজার কোটি টাকা। ২০২৫ সালের তালিকায় এই অঙ্ক ছিল ১২,৪৯০ কোটি টাকা। অর্থাৎ এক বছরে হিসাব অনুযায়ী কমেছে প্রায় ২,৪৯০ কোটি টাকা।

তবে সম্পত্তির এই হ্রাসের পরও ভারতের ধনীতম অভিনেতার তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ। তাঁর সম্পদের হিসাবের মধ্যে শুধু সিনেমা ও বিজ্ঞাপন থেকে পাওয়া আয় নয়, বিভিন্ন ব্যবসায়িক বিনিয়োগও রয়েছে। তাঁর প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং নাইট রাইডার্স স্পোর্টসের মতো ব্যবসাও এই হিসাবের অন্তর্ভুক্ত।

কেন শাহরুখের সম্পত্তির অঙ্কে এতটা পতন? এর একটি সম্ভাব্য কারণ তাঁর সাম্প্রতিক বড় বিনিয়োগ। ২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডাঙ্কি’ মুক্তির পর এখনও শাহরুখের নতুন কোনও ছবি প্রেক্ষাগৃহে আসেনি। অন্যদিকে, তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’-এর জন্য বড় অঙ্কের বিনিয়োগ করা হয়েছে। ছবিটিতে তাঁর মেয়ে সুহানা খানও অভিনয় করছেন।

আরও পড়ুন : CBFC-এর নয়া নিয়মে সিনেমায় হিংসা-মাদক-যৌন হিংসায় কড়াকড়ি

চলচ্চিত্রের পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও শাহরুখের সক্রিয়তা দীর্ঘদিনের। ফলে সম্পত্তির হিসাবের ওঠানামা শুধু বার্ষিক আয় দিয়ে বিচার করা যায় না; বিনিয়োগ, ব্যবসার মূল্যায়ন এবং বিভিন্ন সম্পদের বাজারমূল্যও এতে প্রভাব ফেলতে পারে। হুরুনের ২০২৬ সালের হিসাব অনুযায়ী, শাহরুখের পর ভারতের ধনীতম অভিনেতাদের তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, সলমন খান এবং হৃতিক রোশন। তাঁদের আনুমানিক সম্পত্তির পরিমাণ যথাক্রমে ৪,০০০ কোটি, ৩,০০০ কোটি এবং ২,৫০০ কোটি টাকা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অর্থাৎ, এক বছরে সম্পদের হিসাব কমলেও ‘কিং’ এখনও ভারতের ধনীতম অভিনেতাদের তালিকায় নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন।

আরও পড়ুন : Govinda: কোমলরানিকে বিয়ের গুঞ্জন, গোবিন্দাকে ‘পশুদেরও অধম’ বলে খোঁচা স্ত্রী সুনীতার