Rani Mukerji’s mother Krishna Mukherjee dies at 75, YRF confirms

Rani Mukerji : প্রয়াত অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায়, বয়স ৭৫

৭৫ বছর বয়সে প্রয়াত হলেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায়। মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর যশ রাজ ফিল্মসের তরফে একটি বিবৃতি দিয়ে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে। শোকের এই সময়ে মুখোপাধ্যায় পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর জন্য সকলের কাছে আবেদন জানিয়েছে প্রযোজনা সংস্থা।

যশ রাজ ফিল্মসের বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুরে কৃষ্ণা মুখোপাধ্যায় প্রয়াত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। কঠিন সময়ে পরিবারকে ভালোবাসা, প্রার্থনা ও সমর্থন জানানোর জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: Mithu Mukherjee: মিঠু মুখোপাধ্যায় প্রয়াত, ৭১-এ থামল ‘মৌচাক’-এর নায়িকার অভিনয়যাত্রা

রানি মুখোপাধ্যায়ের সঙ্গে কৃষ্ণা মুখোপাধ্যায়ের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। বিভিন্ন সময় পারিবারিক অনুষ্ঠানেও মেয়ের সঙ্গে তাঁকে দেখা গিয়েছে। মেয়ের অভিনয়জীবনের ক্ষেত্রেও কৃষ্ণার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রানি একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্তে মায়ের পরামর্শ তাঁর কাছে গুরুত্বপূর্ণ ছিল।

রানির প্রথম হিন্দি ছবি ‘রাজা কি আয়েগি বারাত’-এ অভিনয়ের সুযোগ এসেছিল তাঁর বাবার বন্ধু এবং প্রযোজক সেলিম আখতারের মাধ্যমে। সম্প্রতি সেই সময়ের কথা বলতে গিয়ে রানি জানিয়েছিলেন, মায়ের পরামর্শেই তিনি অভিনয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরিবারের আর্থিক পরিস্থিতি কিছুটা উন্নত করার আশাও কৃষ্ণার এই সিদ্ধান্তের পিছনে ছিল বলে জানিয়েছিলেন অভিনেত্রী।

আরও পড়ুন: Koushani Mukherjee: বৈজন্তীমালা, মাধুরীর পরে এবার দেবদাসের চন্দ্রমুখী কৌশানী! প্রকাশ্যে ফার্স্ট লুক

শুধু রানি মুখোপাধ্যায়ের মা হিসেবেই নয়, বাংলা সংস্কৃতি ও সঙ্গীতের জগতেও কৃষ্ণা মুখোপাধ্যায়ের পরিচিতি ছিল। শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষিত এই শিল্পী একাধিক ছবিতে গানও গেয়েছেন।

এদিকে আগামী ডিসেম্বরেই মুক্তি পাওয়ার কথা রানি মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘কিং’-এর। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং অভিষেক বচ্চন। ২০২৬ সালে মুক্তি পাওয়া ‘মরদানী ৩’-এ শেষ বার বড় পর্দায় দেখা গিয়েছিল রানিকে।