The NewsNest Desk: ২ নভেম্বর মানেই মুম্বইয়ের বান্দ্রায় শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’-এর সামনে উপচে পড়া ভিড়। রাত ১২টা বাজলেই ব্যালকনিতে এসে অনুরাগীদের উদ্দেশে দু’হাত ছড়িয়ে চেনা ভঙ্গিতে শুভেচ্ছা জানান বলিউডের বাদশা। বছরের পর বছর ধরে এই দৃশ্য দেখতেই মান্নাতের সামনে ভিড় জমান হাজার হাজার ভক্ত। কিন্তু এবারের জন্মদিনে ভাঙল সেই চেনা রীতি। ৬১তম জন্মদিনে মান্নাতের ব্যালকনিতে দেখা গেল না শাহরুখকে। স্বাভাবিকভাবেই কিছুটা হতাশ হন অনুরাগীরা। তবে সশরীরে হাজির না থাকলেও ভক্তদের জন্য একাধিক বিশেষ উপহারের ব্যবস্থা করেছিলেন কিং খান।
কাজের ব্যস্ততার কারণেই এবার মান্নাতের ব্যালকনিতে আসতে পারেননি অভিনেতা। কিন্তু অনুরাগীদের ভালোবাসার জবাব দিতে ভোলেননি তিনি। মান্নাতের বাইরে লাগানো বিশাল স্ক্রিনে ভেসে ওঠে শাহরুখের নিজের হাতে লেখা একটি আবেগঘন বার্তা। সেখানে অনুরাগীদের উদ্দেশে তিনি জানান, তাঁদের সমস্ত শুভেচ্ছা ও ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞ। পালটা নিজের তরফ থেকেও সকলকে অনেক ভালোবাসা এবং বড়সড় আলিঙ্গন পাঠিয়েছেন বাদশা। প্রিয় অভিনেতার এই বার্তা দেখে কিছুটা হলেও মন ভালো হয় অপেক্ষারত ভক্তদের।
‘কিং’-এর পোস্টারে সেজে উঠল মন্নত
শুধু চিঠি নয়, শাহরুখের জন্মদিন উপলক্ষে নতুন সাজে সেজে উঠেছিল মান্নাত। বাড়ির বাইরে দেখা যায় তাঁর আসন্ন ছবি ‘কিং’-এর বিশাল পোস্টার ও ব্যানার। পাশাপাশি বড় পর্দায় ভেসে ওঠে ছবির একাধিক সংলাপ। ‘কিং একেলা কাফি হ্যায়’ এবং ‘ডর নহি, দহশত হুঁ’-এর মতো সংলাপে মুখর হয়ে ওঠে বাদশার বাড়ির বাইরের পরিবেশ।
To the hearts that made him KING, a lot of love in return ❤️ #LoveLikeAKING
#KING in cinemas on 24.12.2026 https://t.co/q5eTCfOUz3
— Red Chillies Entertainment (@RedChilliesEnt) November 1, 2026
জন্মদিনের উদ্যাপন ছড়িয়ে পড়ে মুম্বইয়ের অন্য প্রান্তেও। আলোয় সাজানো হয় বান্দ্রা-ওরলি সি লিঙ্ক। নিজের এক্স হ্যান্ডেলে সেই বিশেষ আয়োজনের ছবি ভাগ করে অনুরাগীদের ধন্যবাদ জানান শাহরুখ। তাঁর কথায়, এই ভালোবাসা সত্যিই ‘কিং-সাইজ’। গুগল জেমিনির সৌজন্যে এই বিশেষ আলোকসজ্জার আয়োজন করা হয়েছিল বলেও জানান অভিনেতা।
বুর্জ খলিফাতেও বাদশার জন্মদিনের উদ্যাপন
শাহরুখের জন্মদিনের উন্মাদনা শুধু ভারতেই সীমাবদ্ধ থাকেনি। দুবাইয়ের বিখ্যাত বুর্জ খলিফাতেও দেখা যায় বিশেষ আয়োজন। বিশ্বের অন্যতম উচ্চতম এই ইমারতে ফুটে ওঠে শাহরুখের বিশাল ছবি। পাশাপাশি আলোর মাধ্যমে ভেসে ওঠে ‘উই লাভ ইউ এসআরকে’ বার্তা। এর আগেও একাধিকবার শাহরুখের জন্মদিনে বুর্জ খলিফা আলোয় সেজেছে। ফলে এবারের আয়োজনও অনুরাগীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে ওঠে।
জন্মদিনের মধ্যরাতে ‘কিং’-এর গান মুক্তি
তবে শাহরুখের অনুরাগীদের জন্য সবচেয়ে বড় চমক আসে মধ্যরাতে। জন্মদিন উপলক্ষে মুক্তি পায় তাঁর আগামী ছবি ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল যায়ে’। এই গানে আবারও শাহরুখের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছেন দীপিকা পাড়ুকোন। অরিজিৎ সিংয়ের কণ্ঠে গানটির সঙ্গে যুক্ত হয়েছে এড শিরানের র্যাপও।
সব মিলিয়ে, ৬১তম জন্মদিনে মান্নাতের ব্যালকনিতে দেখা না মিললেও অনুরাগীদের জন্য চমকের কোনও অভাব রাখেননি শাহরুখ খান। হাতে লেখা বার্তা, মান্নাতের বিশেষ সাজসজ্জা, সি লিঙ্কের আলোকসজ্জা থেকে নতুন ছবির গান—সব মিলিয়ে জন্মদিনের উদ্যাপন ছিল জমজমাট। ভক্তদের সঙ্গে সরাসরি দেখা না হলেও ভালোবাসার আদানপ্রদানে যে কোনও খামতি রাখেননি বলিউডের বাদশা, তা স্পষ্ট।
আরও পড়ুন: Bigg Boss Bangla: বিদায়ের আগে ব্লেজারের আড়ালে নন্দিনীকে চুমু রাজবীরের! ‘আশিকি ৩’ বলছে নেটপাড়া