কলকাতা: দুর্গাপুজোর আগেই বা ঠিক পরপরই বিজেপিতে যোগ দিতে চলেছেন ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার (NCPI) ১৭ জন সাংসদ। সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সোমবার এই নিয়ে এক বিস্ফোরক দাবি করেছেন।
গত ১৪ জুন তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদ দল ছেড়ে ছোট দল এনসিপিআই-এর সঙ্গে যুক্ত হন এবং এনডিএ-কে (NDA) সমর্থন জানান। বসুনিয়া জানান, দলবদল বিরোধী আইনের (Anti-defection law) জটিলতা এড়াতেই এই ১৭ জন সাংসদ একসঙ্গে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার রূপরেখা চূড়ান্ত করেছেন। এনসিপিআই-এর মোট ২০ জন সাংসদের দুই-তৃতীয়াংশের বেশি সদস্য একসঙ্গে দলবদল করায় আইনি বাধ্যবাধকতা তাঁদের ওপর প্রযোজ্য হবে না। এদিকে, ২০ জন সাংসদের মধ্যে থাকা তিন জন সংখ্যালঘু প্রতিনিধি—আবু তাহের খান, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান সরাসরি বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন না বলে দাবি করেছেন বসুনিয়া। নিজ নিজ এলাকার রাজনৈতিক সমীকরণের কথা মাথায় রেখে তাঁরা বাইরে থেকেই এনডিএ-কে সমর্থন জানাবেন এবং তাঁদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে।
অন্যদিকে, আসন্ন কলকাতা ও হাওড়া পুরসভা নির্বাচনে এনসিপিআই-এর সঙ্গে কোনও জোটের সম্ভাবনা খারিজ করে দিয়েছে রাজ্য বিজেপি। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট জানান, বিজেপি এককভাবেই এই নির্বাচনে লড়াই করবে। যদিও এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দাবি, তারা এনডিএ জোটের অংশ হিসেবেই পুরভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন।