The NewsNest Desk: ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদের আবু ধাবির বৈঠকে সৌদি আরবের কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না। এমনই দাবি করে ইসরাইলি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরকে খারিজ করল রিয়াদ। জর্ডানও জানিয়েছে, তাদের কোনও আধিকারিক ওই বৈঠকে ছিলেন না।
রবিবার আবু ধাবিতে শেখ মহম্মদের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। আমিরশাহির সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং তা আরও শক্তিশালী ও উন্নত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তবে বৈঠকের বিষয়বস্তু নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।এর মধ্যেই সোমবার ইসরাইলি সাংবাদিক দ্রোর বালাজাদা সামাজিক মাধ্যমে দাবি করেন, নেতানিয়াহু ও শেখ মহম্মদের বৈঠকের পর একটি সম্প্রসারিত বৈঠকে সৌদি প্রতিনিধিরাও যোগ দিয়েছিলেন। সেখানে নিরাপত্তা সহযোগিতা, ইরান, হুথি এবং আঞ্চলিক প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে বলেও দাবি করা হয়।
তবে সেই দাবি সরাসরি খারিজ করেছে সৌদি আরব। আরব নিউজকে এক সৌদি সূত্র জানিয়েছে, বৈঠকে সৌদি কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন—এমন খবরের কোনও সত্যতা নেই। অন্য কোনও দেশের প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠক হওয়ার খবরও ভিত্তিহীন বলে জানানো হয়েছে।জর্ডানের এক সরকারি সূত্রও আরব নিউজকে জানিয়েছে, তাদের কোনও আধিকারিক ওই বৈঠকে অংশ নেননি। সূত্রটির দাবি, নেতানিয়াহুকে ঘিরে ইসরাইলি সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশের পিছনে দেশটির অভ্যন্তরীণ নির্বাচনী রাজনীতির বিষয়টি কাজ করতে পারে।
এদিকে রয়টার্সকে ইসরাইলের তিন জন শীর্ষ আধিকারিক জানিয়েছেন, নেতানিয়াহু ও শেখ মহম্মদের বৈঠক প্রায় ছয় ঘণ্টা ধরে চলে। বৈঠকে মূলত ইরান-সংক্রান্ত বিষয় নিয়েই আলোচনা হয়েছে বলে তাঁদের দাবি। ফলে সৌদি ও জর্ডনের অস্বীকারের পরও ওই বৈঠকে ঠিক কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে আঞ্চলিক কূটনৈতিক মহলে জল্পনা অব্যাহত রয়েছে।