প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১২ সেপ্টেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে ব্রিকসের নেতাদের ও প্রতিনিধিদের জন্য একটি বিশেষ নৈশভোজের আয়োজন করেন। সেই নৈশভোজের স্টার্টার পদগুলির মধ্যে ছিল খুম গালৌটি। মেনুতে এটিকে প্যানে গ্রিল করা নরম মাশরুমের কাবাব হিসেবে উল্লেখ করা হয়েছিল। খুম গালৌটি মূলত নরম ও মোলায়েম গালৌটি কাবাবের একটি নিরামিষ সংস্করণ, যেখানে মাশরুমই প্রধান উপকরণ। আজ জেনে নিন কিভাবে বাড়িতেই তৈরি করবেন এই কাবাব
উপকরণ:
মাশরুম ২০০ গ্রাম, পেঁয়াজ ১টি, কাঁচালঙ্কা ১টি, আদা-রসুন বাটা ১ চা চামচ, ভাজা বেসন ২ টেবিল চামচ, গরম মশলা ½ চা চামচ, ধনে গুঁড়ো ½ চা চামচ, লঙ্কা গুঁড়ো ¼ চা চামচ, নুন স্বাদমতো এবং সামান্য ঘি বা তেল।
প্রণালী:
প্রথমে মাশরুম ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিন। একটি প্যানে সামান্য তেল দিয়ে কুচোনো পেঁয়াজ, কাঁচালঙ্কা এবং আদা-রসুন বাটা দিয়ে হালকা ভেজে নিন। এবার মাশরুম দিয়ে ভালো করে নাড়তে থাকুন। মাশরুম থেকে জল বেরোবে। সেই জল সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করুন।
মাশরুম ঠান্ডা হলে মিক্সারে দিয়ে মিহি করে পেস্ট করে নিন। এর সঙ্গে ভাজা বেসন, গরম মশলা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও নুন মিশিয়ে নরম একটি মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি খুব নরম হলে আরও সামান্য ভাজা বেসন দিতে পারেন।
এবার হাতে সামান্য তেল মেখে মিশ্রণটি ছোট ছোট ভাগে ভাগ করে গোল করে চ্যাপ্টা কাবাবের আকার দিন। কড়াইয়ে অল্প ঘি বা তেল গরম করে কাবাবগুলি দুই দিক থেকে হালকা বাদামি করে ভেজে নিন।
গরম গরম খুম গালৌটি কাবাব পুদিনার চাটনি বা ধনেপাতার চাটনির সঙ্গে পরিবেশন করুন। চাইলে শিরমালের সঙ্গে পরিবেশন করেও খেতে পারেন।
টিপস: মাশরুম রান্নার সময় ভালো করে জল শুকিয়ে নেওয়াই এই কাবাবের মূল বিষয়। তবেই কাবাব সহজে আকার পাবে এবং ভাজার সময় ভেঙে যাবে না।