BRICS summit 2026:Xi Jinping skips the BRICS dinner, Rahul Gandhi reminds '80% Indians are non-vegetarian'

BRICS summit 2026: ব্রিকসের নিরামিষ ভোজ এড়িয়ে গেলেন শি জিনপিং, মেনু নিয়ে রাহুল-মহুয়ার কটাক্ষ

নয়াদিল্লি: নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনের বিশেষ গালা ডিনারে সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজনকে কেন্দ্র করে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে । চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ওই ভোজসভা এড়িয়ে গিয়ে হোটেলে ফিরে যান, অন্যদিকে বিরোধী নেতারা এই নিরামিষ মেনু নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আয়োজিত ভারত মণ্ডপমের এই ডিনারে খণ্ডভি মিল, কুম্ভ গলোটি কাবাব, পনির লাভাবদার, গুচ্চি মারমিক ও মিলেট পোলাওয়ের মতো নিরামিষ পদ রাখা হয়েছিল । তবে শি জিনপিং এবং আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহামেদ সেই ভোজসভায় উপস্থিত ছিলেন না। চিনা প্রেসিডেন্টের অনুপস্থিতি নিয়ে জল্পনা তৈরি হলেও সূত্রের খবর, তিনি হোটেলে বিশ্রাম নিতে চলে গিয়েছিলেন।

এই মেনু সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় সরব হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি লেখেন, “রেকর্ডের জন্য জানিয়ে রাখি— ভারতের ৮০ শতাংশ মানুষ আমিষভোজী। ভারতীয় আমিষ খাবার অত্যন্ত সুস্বাদু।” একই সঙ্গে লোকসভার বিরোধী দলনেতা নিজের বোন প্রিয়াঙ্কা গান্ধীর তৈরি ছোলে ভাটুরের ছবিও শেয়ার করেন।

এছাড়া তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র এক্স হ্যান্ডেলে ব্যঙ্গ করে লেখেন, “আমি কি খারাপ সাংসদ হব, যদি বিদেশি অতিথিদের এই মেনু বাদ দিয়ে সিকিউরিটি লাগিয়ে করিম’স থেকে কিছু বাররাহ কাবাব আনার পরামর্শ দিই?” কংগ্রেস নেতা পবন খেরাও সরকারের সমালোচনা করে বলেন যে, ভারত বৈচিত্র্যপূর্ণ রন্ধনশৈলীর দেশ হওয়া সত্ত্বেও অতিথিদের ওপর একপেশে নিরামিষ পছন্দ চাপিয়ে দেওয়া ঠিক হয়নি।