The NewsNest Desk: বিতর্ক যেন পিছু ছাড়ছে না হানি সিংয়ের। চলতি বছরের শুরুতে একটি কনসার্টে তাঁর বিতর্কিত মন্তব্য ঘিরে যে আইনি জট তৈরি হয়েছিল, এবার সেই মামলাতেই মহারাষ্ট্র সাইবার সেলের হাজিরা এড়ালেন জনপ্রিয় র্যাপার। ৫ অক্টোবর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে হাজির না হয়ে আরও কিছুটা সময় চেয়েছেন হানি সিং।
ঘটনার সূত্রপাত চলতি বছরের জানুয়ারিতে। দিল্লির একটি কনসার্টে হানি সিংয়ের বক্তব্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে শীতের রাতে গাড়িতে যৌন সম্পর্ক স্থাপনের প্রসঙ্গ তুলে ধরার পাশাপাশি কন্ডোম ব্যবহারের কথা বলেছিলেন তিনি। ভিডিওটি ভাইরাল হতেই শুরু হয় তীব্র সমালোচনা। তাঁর বক্তব্যের ভাষা এবং উপস্থাপনা নিয়ে আপত্তি জানান বহু নেটিজেন।
বিতর্ক বাড়তে থাকায় পরে নিজের বক্তব্যের ব্যাখ্যাও দেন হানি সিং। তাঁর দাবি ছিল, তরুণ প্রজন্মকে নিরাপদ যৌনতার বিষয়ে সচেতন করাই তাঁর উদ্দেশ্য ছিল। কনসার্টের আগে কয়েকজন যৌনস্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছিলেন বলেও জানিয়েছিলেন তিনি। তাঁদের পরামর্শেই অনুষ্ঠানে ‘সেফ সেক্স’-এর বার্তা দিতে চেয়েছিলেন বলে দাবি করেন র্যাপার।
হানি সিংয়ের বক্তব্য অনুযায়ী, তরুণ প্রজন্ম যে ধরনের ভাষা ও বিষয়বস্তুর সঙ্গে পরিচিত, সেই ভাষাতেই সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। তবে নিজের ব্যবহৃত ভাষা অনেকের কাছে আপত্তিকর মনে হতে পারে, তা পরে বুঝতে পেরেছেন বলেও জানান। যাঁরা তাঁর মন্তব্যে আঘাত পেয়েছেন, তাঁদের কাছে ক্ষমাও চেয়েছিলেন তিনি।
কিন্তু ক্ষমা চাওয়ার পরেও বিতর্ক থামেনি। বিশেষ করে ‘যৌন বিশেষজ্ঞদের পরামর্শ’ দেওয়ার দাবি নিয়ে প্রশ্ন ওঠে। সামাজিক মাধ্যমে অনেকে প্রশ্ন করেন, নিরাপদ যৌনতার বার্তা দেওয়ার ক্ষেত্রে এমন ভাষা ব্যবহার করা কতটা যুক্তিযুক্ত। এই বিতর্কের মধ্যেই হানি সিংয়ের বিরুদ্ধে মহারাষ্ট্র সাইবার সেলে অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয়েছিল বলে জানা যায়। কিন্তু নির্ধারিত দিনে হাজির না হয়ে র্যাপার আরও সময় চাওয়ায় বিষয়টি ফের আলোচনায় এসেছে। এখন সাইবার সেল তাঁর আবেদন কীভাবে বিবেচনা করে, সেদিকেই নজর।
হানি সিংয়ের বিরুদ্ধে বিতর্ক অবশ্য এই প্রথম নয়। চলতি বছরের মে মাসেও একটি গানের কথাকে কেন্দ্র করে তিনি আইনি সমস্যায় জড়িয়েছিলেন। অভিযোগ উঠেছিল, ওই গানের কিছু কথা নারীবিদ্বেষী এবং আপত্তিকর। সেই ঘটনায় হিন্দু শক্তি দলের তরফে তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয় এবং বিষয়টি দিল্লি হাই কোর্ট পর্যন্ত গড়ায়। একদিকে পুরনো মামলার আইনি প্রক্রিয়া, অন্যদিকে নতুন করে মহারাষ্ট্র সাইবার সেলের সমন—সব মিলিয়ে ফের আইনি চাপে হানি সিং। যদিও তাঁর বক্তব্য, বিতর্কিত মন্তব্যের পিছনে কাউকে আঘাত করার উদ্দেশ্য ছিল না। ভবিষ্যতে কথা বলার ক্ষেত্রে আরও সতর্ক থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।
এখন প্রশ্ন, মহারাষ্ট্র সাইবার সেলের সামনে হানি সিং কবে হাজির হন এবং জিজ্ঞাসাবাদে কী তথ্য উঠে আসে। আপাতত সেই দিকেই নজর বিনোদন মহলের।
আরও পড়ুন : Kiran Rao: বিয়ের আগেই যৌনতা! ‘স্বাধীনচেতা’ জেন-জি’দের সমর্থন কিরণ রাওয়ের