Anushka Sharma’s Social Media Post Transforms Mumbai Restaurant’s Business Overnight

Anushka Sharma: অনুষ্কার খাওয়া দু’প্লেট ছোলে ভাটুরে বদলে দিল ভাগ্য! ১৮ লক্ষ দেনা থেকে মাসে ২ কোটি ব্যবসা

The NewsNest Desk: মাত্র দু’প্লেট ছোলে ভাটুরে। আর সেই খাবার খাওয়ার পর বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার একটি সামাজিকমাধ্যম পোস্টই বদলে দিল মুম্বইয়ের ছোট্ট এক রেস্তরাঁর ভাগ্য! যে দোকান একসময় ১৮ লক্ষ টাকার ঋণে জর্জরিত হয়ে বন্ধ হওয়ার মুখে দাঁড়িয়েছিল, অনুষ্কার পোস্টের পর সেই ‘দিল্লি সে’ এখন প্রতিদিন হাজার হাজার প্লেট খাবার বিক্রি করছে। মালিকদের দাবি, বর্তমানে মাসে প্রায় ২ কোটি টাকার ব্যবসা করছে রেস্তরাঁটি।

মুম্বইয়ের চেম্বুরে মাত্র ২৫০ বর্গফুট জায়গায় তিনটি টেবিল ও ন’টি আসন নিয়ে ২০২১ সালের অক্টোবরে পথচলা শুরু ‘দিল্লি সে’-র। দুই ভাই জসপাল সিং খালসা ও মহিন্দর সিং খালসার লক্ষ্য ছিল মুম্বইয়ের মানুষের কাছে দিল্লির স্বাদের খাবার পৌঁছে দেওয়া। কিন্তু শুরুটা মোটেই মসৃণ হয়নি। ২০২২ সালের জানুয়ারি থেকে বিক্রি কমতে শুরু করে। কয়েক মাসের মধ্যেই লোকসানের পরিমাণ এতটাই বাড়ে যে সেপ্টেম্বর নাগাদ ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন দুই ভাই।

কিন্তু ঠিক তখনই আসে অপ্রত্যাশিত মোড়। ১৩ সেপ্টেম্বর তাঁদের দোকানে খেতে আসেন জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান অভিষেক উপমন্যু। তখন তাঁকে চিনতেন না রেস্তরাঁর মালিকেরা। পরে জানা যায়, তিনি নিজের সামাজিকমাধ্যমের পাতায় ‘দিল্লি সে’-র খাবারের প্রশংসা করে সুপারিশ করেছিলেন। তার পরের দু’দিনেই দোকানে হঠাৎ ভিড় বাড়তে শুরু করে। এরপর আসে আরও বড় চমক। বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার জুহুর বাড়ি থেকে ‘দিল্লি সে’-তে দু’প্লেট ছোলে ভাটুরের অর্ডার আসে। প্রথমে সেটিকে ভুয়ো অর্ডার বলেই সন্দেহ করেছিলেন জসপাল। পরে ব্যাঙ্কের তথ্য মিলিয়ে নিশ্চিত হন, অর্ডারটি সত্যিই বিরাট-অনুষ্কার বাড়ি থেকেই এসেছে।

খাবার খেয়ে অনুষ্কা নিজের সামাজিকমাধ্যমে রেস্তরাঁটির প্রশংসা করেন। তাঁর সেই পোস্ট ছড়িয়ে পড়তেই ‘দিল্লি সে’-তে কার্যত মানুষের ঢল নামে। মালিকের কথায়, পোস্টটি ছড়ানোর মাত্র আধ ঘণ্টার মধ্যেই এত ভিড় হয় যে তাঁরা পরিস্থিতি সামলাতে হিমশিম খেয়ে যান। যে রেস্তরাঁ একসময় বন্ধ হওয়ার পথে ছিল, সেখানেই এখন প্রতিদিন ৩,০০০-এরও বেশি প্লেট ছোলে ভাটুরে বিক্রি হচ্ছে বলে দাবি মালিকদের। ১৮ লক্ষ টাকার দেনার বোঝা থেকে শুরু করে মাসে প্রায় ২ কোটি টাকার ব্যবসা—দু’প্লেট ছোলে ভাটুরে আর একটি তারকা-সুপারিশ যেন সত্যিই বদলে দিয়েছে ‘দিল্লি সে’-র গল্প।