Adnan Sami reacts to India’s Got Latent joke linking him to a Pakistani spy character

Adnan Sami : ‘পাকিস্তানি গুপ্তচর’, আদনান সামিকে নিয়ে রসিকতা! পাল্টা জবাব গায়কের

মুম্বই, ২৮ সেপ্টেম্বর:  ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর দ্বিতীয় সিজ়নের সাম্প্রতিক বোনাস এপিসোডে আদনান সামিকে নিয়ে রসিকতা করলেন ইউটিউবার কুল্লু। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। তবে বিষয়টি নিয়ে চুপ থাকেননি গায়কও। নিজের স্বভাবসিদ্ধ রসবোধেই সেই মন্তব্যের জবাব দিয়েছেন তিনি।

এপিসোডে সাময় রায়নার সঙ্গে ছিলেন কুল্লু ওরফে আদিত্য কুলশ্রেষ্ঠ, স্ট্যান্ড-আপ কমেডিয়ান রজত সুদ, মেন্টালিস্ট সুহানি শাহ এবং অভিনেতা আয়ুষ্মান খুরানা। নিজের আসন্ন ছবি ‘উড়তা তীর’ নিয়ে অনুষ্ঠানে কথা বলছিলেন আয়ুষ্মান। ছবিটিকে ভারতের প্রথম দেশাত্মবোধক কমেডি এবং একই সঙ্গে গুপ্তচর-কমেডি হিসেবে ব্যাখ্যা করেন তিনি। ছবির গল্প বলতে গিয়ে আয়ুষ্মান জানান, তিনি এক পাকিস্তানি গুপ্তচরের চরিত্রে অভিনয় করেছেন, যে ভারতে আসে। এরপর তার স্মৃতিশক্তি চলে যায় এবং সে নিজেকে ভারতীয় বলে মনে করতে শুরু করে। দেশপ্রেমের কথা তার মনে থাকলেও কোন দেশের প্রতি সেই দেশপ্রেম, তা সে ভুলে যায়—এমনই একটি কৌতুকনির্ভর পরিস্থিতি ছবিতে রয়েছে বলে জানান অভিনেতা। আয়ুষ্মানের এই বক্তব্যের পরেই কুল্লু মজা করে বলেন, ‘‘ওহ আদনান সামি হ্যায়।’’


আরও পড়ুন: Shah Rukh Khan: এক বছরে প্রায় ২,৫০০ কোটি কমল শাহরুখের সম্পত্তি, তবু দেশের ধনীতম অভিনেতা বাদশাই

ভিডিয়োটির অংশ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেখানে মন্তব্য করেন আদনান সামি নিজেও। কুল্লুর রসিকতার জবাবে তিনি লেখেন, ‘‘পহেলে মুঝসে ‘রাইটস’ লো অউর ফির ফিল্ম বানাও’’। অর্থাৎ, তাঁর জীবনের সঙ্গে মিল রয়েছে এমন গল্প নিয়ে ছবি তৈরি করার আগে তাঁর কাছ থেকে ‘স্বত্ব’ নেওয়ার রসিকতাই করেছেন গায়ক। আদনান সামির জীবনের সঙ্গে কৌতুকটির যোগ রয়েছে তাঁর নাগরিকত্ব বদলের কারণে। পাকিস্তানে জন্ম নেওয়া এই গায়ক ২০০১ সালে ভারতে আসেন। দীর্ঘ সময় ভারতে থাকার পর ২০১৬ সালে ভারতীয় নাগরিকত্ব পান তিনি। তার আগে ভারতীয় নাগরিকত্বের আবেদন দু’বার প্রত্যাখ্যাত হয়েছিল বলেও তিনি জানিয়েছিলেন।

এদিকে আয়ুষ্মানের ‘উড়তা তীর’ ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন সারা আলি খান। আকাশ কৌশিক ও অমিত মালিক পরিচালিত ছবিটি ৯ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। পাশাপাশি সুরজ বরজাতিয়ার ‘ইয়ে প্রেম মোল লিয়া’ ছবিতেও মুখ্য চরিত্রে দেখা যাবে আয়ুষ্মানকে। শর্বরী অভিনীত এই ছবিটি ২৭ নভেম্বর মুক্তির কথা রয়েছে।

আরও পড়ুন: Tanya Mishra: মডেলিং থেকে অভিনয়, ওয়েব দুনিয়ার নতুন ‘ন্যাশনাল ক্রাশ’ তানিয়া মিশ্রা