নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর: বয়স বাড়ছে, কিন্তু বিশ্বকাপ জয়ের স্বপ্ন এখনও অটুট। বরং পরের এক দিনের বিশ্বকাপকেই নিজের শেষ বিশ্বকাপ হিসেবে দেখছেন বিরাট কোহলি। ভারতের প্রাক্তন অধিনায়কের কথায়, দেশের হয়ে শেষ বার বিশ্বকাপে নেমে ট্রফি জেতার জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে চান তিনি। একই সঙ্গে বিশ্বকাপের মঞ্চে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন রোহিত শর্মাও।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে জিয়োস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে কোহলি বলেন, পরের বছর ভারতের হয়ে শেষ বার বিশ্বকাপ খেলতে নামবেন তিনি। সেটিই তাঁর প্রধান অনুপ্রেরণা। বিশ্বকাপ জেতাই এখন তাঁর একমাত্র লক্ষ্য বলেও জানান ৩৭ বছরের এই ব্যাটার। কোহলির কথায়, “নিজের সেরাটা নিংড়ে দিতে চাই। বিশ্বকাপ জেতাই আমার একমাত্র স্বপ্ন। যা-ই দরকার হোক, আমি পুরোপুরি তৈরি।” এখন আন্তর্জাতিক ক্রিকেটে এক দিনের ফরম্যাটেই খেলছেন কোহলি। চলতি বছরের নভেম্বরে তাঁর ৩৮ বছর পূর্ণ হবে। পরের বিশ্বকাপের সময় বয়স হবে ৩৯। তাই ওই প্রতিযোগিতাকেই নিজের শেষ বিশ্বকাপ হিসেবে দেখছেন তিনি। বিশ্বকাপের কঠিন চ্যালেঞ্জের কথাও তুলে ধরেছেন কোহলি। তাঁর মতে, সাধারণ দ্বিপাক্ষিক সিরিজের তুলনায় বিশ্বকাপে দীর্ঘ সময় ধরে একই রকম একাগ্রতা ধরে রাখতে হয়। বিদেশের মাঠে একাধিক ম্যাচ খেলার জন্য শারীরিক সক্ষমতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন : Vande Mataram: বাইশ গজে এই প্রথম ‘বন্দে মাতরম’! দিল্লিতে টি-টোয়েন্টিতে কণ্ঠ মেলাল টিম ইন্ডিয়া
অন্য দিকে, রোহিত শর্মার কথাতেও বিশ্বকাপ নিয়ে একই রকম আগ্রহের ইঙ্গিত মিলেছে। তিনি জানিয়েছেন, নিজের খেলা শেষ হয়ে গিয়েছে—এমন ভাবনা তাঁর মাথায় কখনও আসেনি। যত দিন খেলবেন, তত দিনই নতুন অনুপ্রেরণা খুঁজে নেবেন। রোহিত বলেন, বিশ্বকাপের দিকেই তিনি তাকিয়ে রয়েছেন। ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপের ফাইনালে ভারতের হারের যে আক্ষেপ রয়েছে, সেটি মেটানোর সুযোগও তিনি খুঁজছেন।
বিশ্বকাপকে সাধারণ কোনও প্রতিযোগিতা হিসেবে দেখছেন না রোহিত। তাঁর মতে, আইসিসির এই টুর্নামেন্টে বিভিন্ন মাঠ ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার আলাদা চ্যালেঞ্জ রয়েছে। তাই বিশ্বকাপের প্রস্তুতি এবং ম্যাচের আগে ভাবনাচিন্তাও অন্য রকম হয়।পরের বিশ্বকাপে কোহলি ও রোহিত—দুই অভিজ্ঞ তারকার উপস্থিতি নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে আগ্রহ তৈরি হয়েছে। তবে শেষ পর্যন্ত তাঁরা দলে থাকবেন কি না, তা নির্ভর করবে ভবিষ্যতের পারফরম্যান্স ও নির্বাচকদের সিদ্ধান্তের উপর।
আরও পড়ুন :Salah: কৃত্রিম ঘাসের মাঠে চোটের আশঙ্কা, দক্ষিণ সুদানের বিরুদ্ধে খেলবেন না সালাহ