The NewsNest Desk: হরমুজ প্রণালীতে ফের বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা। মঙ্গলবার ওমান উপকূলের কাছে পানামার পতাকাবাহী ‘এমটি অন পিস’ নামে একটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়। জাহাজটিতে মোট ১৯ জন নাবিক ছিলেন, তাঁদের মধ্যে ১৭ জনই ভারতীয়। হামলায় মোট ১২ জন নাবিক আহত হয়েছেন, যার মধ্যে ১১ জন ভারতীয় বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।
হামলার পর আহত নাবিকদের দ্রুত উদ্ধার করে ওমানের খাসাবে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। হামলাটি কারা চালিয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। তবে আন্তর্জাতিক জলপথে একের পর এক বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি।
বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের সময় জাহাজটিতে একটি প্রজেক্টাইল আঘাত হানে। এই হামলার তীব্র নিন্দা করেছে ভারত। একই সঙ্গে ওমানের প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়েছে উদ্ধারকাজ এবং আহত নাবিকদের চিকিৎসার ব্যবস্থা করার জন্য।বিদেশ মন্ত্রক জানিয়েছে, ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ এবং নাবিকদের উপর ধারাবাহিক হামলার ঘটনা গভীর উদ্বেগের বিষয়। আন্তর্জাতিক জলপথে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে অবিলম্বে এই ধরনের হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে ভারত।
নয়াদিল্লির বক্তব্য, বাণিজ্যিক জাহাজ, নাবিক এবং বেসামরিক পরিকাঠামোকে নিশানা করা বন্ধ হওয়া প্রয়োজন। একই সঙ্গে আন্তর্জাতিক জলপথে স্বাভাবিক নৌ চলাচল এবং বাণিজ্য দ্রুত পুনরুদ্ধারের প্রয়োজন রয়েছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ। বিশেষ করে তেল পরিবহণের ক্ষেত্রে এই জলপথের গুরুত্ব অত্যন্ত বেশি। ফলে ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজে বার বার হামলার ঘটনায় আন্তর্জাতিক বাণিজ্য এবং জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ বাড়ছে।
শুধু মঙ্গলবারের ঘটনাই নয়, অক্টোবরের শুরু থেকেই ওই অঞ্চলে একাধিক বাণিজ্যিক ও তেলবাহী জাহাজ হামলার মুখে পড়েছে। এর মধ্যে সোমবার দু’টি তেলবাহী ট্যাঙ্কারে হামলার খবর সামনে আসে। একটি ছিল কুয়েতের পতাকাবাহী ‘এমটি কাজিমা থ্রি’, অন্যটি লাইবেরিয়ার পতাকাবাহী ‘লিপসি’। কুয়েতের জাহাজটিতে পাঁচ জন ভারতীয় নাবিক ছিলেন। তাঁদেরও উদ্ধার করে ওমানে নিয়ে যাওয়া হয়।
হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় এর আগেও ভারতীয় নাবিকদের আহত বা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। প্রতিবারই ভারত আন্তর্জাতিক জলপথে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছে। নতুন করে ১১ জন ভারতীয় নাবিক আহত হওয়ার ঘটনায় সেই উদ্বেগ আরও বাড়ল। আহত নাবিকদের চিকিৎসার পাশাপাশি তাঁদের নিরাপদে দেশে ফেরানোর বিষয়টিও এখন নজরে রয়েছে। আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে ভারত কী পরবর্তী পদক্ষেপ করে, সেদিকেও নজর রয়েছে।
আরও পড়ুন : Nepal ‘কিডনি আবার গজাবে’ বলে প্রতারণা, নেপালের ‘কিডনি ভ্যালি’তে নতুন বিপদ প্রবাসী শ্রমিকদের