The NewsNest Desk : ভারতীয় মহিলা ক্রিকেটে বড় পরিবর্তনের ইঙ্গিত। বিসিসিআইয়ের তরফে শুধু ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হলেও তা গ্রহণ করলেন না হরমনপ্রীত কৌর। বরং ভারতীয় মহিলা ক্রিকেট দলের সব ফরম্যাটের নেতৃত্ব থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান ৩৭ বছরের তারকা ক্রিকেটার।
সূত্রের খবর, গুয়াহাটিতে বিসিসিআইয়ের একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকেই হরমনপ্রীতের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আলোচনা হয়। সেখানে ভারতীয় মহিলা দলের পারফরম্যান্স, অধিনায়কত্ব এবং কোচিং কাঠামো নিয়ে পর্যালোচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন হরমনপ্রীত, কোচ অমল মজুমদার এবং সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানাও। বোর্ডের ভাবনা ছিল, মেয়েদের ক্রিকেটে টেস্ট ম্যাচের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় হরমনপ্রীতকে অন্তত ওয়ানডে দলের নেতৃত্বে রাখা যেতে পারে। অর্থাৎ সাদা বলের দুই ফরম্যাটে আলাদা অধিনায়ক তৈরির পরিকল্পনা ছিল বিসিসিআইয়ের। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি হরমনপ্রীত। শেষ পর্যন্ত সব ফরম্যাটের নেতৃত্বই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
হরমনপ্রীতের নেতৃত্বে ভারতীয় মহিলা ক্রিকেট একাধিক গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে। দীর্ঘ সময় ধরে জাতীয় দলের নেতৃত্ব সামলেছেন তিনি। ২০২৫ সালে ভারতের প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ের পিছনেও তাঁর নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছিল। পরপর দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয় ভারত। ফলে নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে শুরু করে বোর্ড।
হরমনপ্রীত নেতৃত্ব ছাড়ায় এখন স্মৃতি মন্ধানার দিকেই তাকিয়ে ভারতীয় ক্রিকেট মহল। বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, আগামী কয়েক বছরে মন্ধানাকে কেন্দ্র করেই নতুন নেতৃত্বের কাঠামো তৈরি হতে পারে। ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সকে সামনে রেখে নতুন দল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ২০২৯ সালের পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের আগে মন্ধানার হাতে পর্যাপ্ত সময়ও থাকবে দলকে নিজের মতো করে তৈরি করার।
নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে ইনস্টাগ্রামে আবেগঘন বার্তা দিয়েছেন হরমনপ্রীত। তিনি জানিয়েছেন, ভারতীয় মহিলা দলের নেতৃত্ব দেওয়া তাঁর কাছে শুধু একটি দায়িত্ব ছিল না, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু বছরের স্মৃতি, আবেগ এবং ত্যাগ। তাঁর দাবি, দলের জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন এবং অত্যন্ত গর্বের সঙ্গে অধিনায়কত্ব করেছেন। তবে নেতৃত্ব ছাড়লেও ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন না হরমনপ্রীত। বরং সাধারণ ক্রিকেটার হিসেবে দেশের হয়ে খেলা চালিয়ে যেতে চান তিনি। তাঁর বার্তায় স্পষ্ট, অধিনায়কত্বের অধ্যায় শেষ হলেও ভারতীয় ক্রিকেটের সঙ্গে তাঁর সম্পর্ক শেষ হচ্ছে না।ফলে হরমনপ্রীত কৌরের নেতৃত্বের দীর্ঘ অধ্যায়ের পর ভারতীয় মহিলা ক্রিকেটে নতুন যুগের সূচনা হতে চলেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন—স্মৃতি মন্ধানার নেতৃত্বে নতুন ভারতীয় দল কতটা সফল হয়, সেটাই দেখার।
আরও পড়ুন : Lionel Messi: জাতীয় দলের জার্সিতে শেষবার মেসি, আবেগী বিদায় আর্জেন্টিনা ফুটবল সংস্থার