UPI: Supreme Court refuses to stay 0.4% MDR on UPI transactions above Rs 2,000

UPI: ২ হাজারের বেশি লেনদেনে ০.৪% ট্যাক্স! স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর: ২ হাজার টাকার বেশি নির্দিষ্ট বাণিজ্যিক ইউপিআই লেনদেনে ০.৪ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর বসানোর কেন্দ্রীয় সিদ্ধান্তে আপাতত স্থগিতাদেশ দিতে রাজি হল না সুপ্রিম কোর্ট। তবে এই নয়া এমডিআর কাঠামোকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় কেন্দ্রীয় সরকারের কাছে বিস্তারিত হলফনামা চেয়েছে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ।

আইনজীবী অঞ্জন দত্তের দায়ের করা মামলায় কেন্দ্রের ১৪ ও ১৫ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে ২ হাজার টাকার বেশি নির্দিষ্ট মার্চেন্ট ইউপিআই লেনদেনে এমডিআর আরোপের কথা জানানো হয়েছিল। আগামী ১৫ অক্টোবর থেকে নতুন কাঠামো কার্যকর হওয়ার কথা।

সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চ মামলাটির শুনানি করে। শুনানিতে আবেদনকারীর আইনজীবী দাবি করেন, ইউপিআই ব্যবস্থা দেশে কালো টাকা রোধ এবং ডিজিটাল লেনদেন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। নতুন করে চার্জ আরোপ করা হলে ডিজিটাল লেনদেন নিরুৎসাহিত হতে পারে বলেও তিনি আদালতে জানান।

আরও পড়ুন : Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা, ‘সাধারণ অভিযুক্তের মতো’ বিচারের আর্জি

কেন্দ্রের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল এন ভেঙ্কটরামন নতুন ব্যবস্থার পক্ষে সওয়াল করেন। তাঁর বক্তব্য, ১৫ অক্টোবর থেকে এমডিআর কার্যকর হলেও ইউপিআই ব্যবহারের সঙ্গে যুক্ত প্রায় ৯৬ শতাংশ ব্যবহারকারী এই চার্জের আওতায় পড়বেন না। প্রয়োজনীয় পরিষেবার ক্ষেত্রে সর্বোচ্চ ৫ টাকা পর্যন্ত চার্জের সীমা রাখা হয়েছে বলেও জানান তিনি।

কেন্দ্রের আইনজীবী আরও বলেন, এটি কোনও কর বা সারচার্জ নয়, বরং শিল্পক্ষেত্রের মধ্যে লেনদেন নিষ্পত্তির একটি ব্যবস্থা। এরপর প্রধান বিচারপতি মন্তব্য করেন, এই সংক্রান্ত প্রযুক্তিগত ও অন্যান্য তথ্য হলফনামার মাধ্যমে আদালতের সামনে আনতে হবে। অন্যদিকে, বিচারপতি জয়মাল্য বাগচী প্রশ্ন তোলেন, প্রায় ১৪০ কোটি মানুষের উপর প্রভাব ফেলতে পারে এমন চার্জ আরোপের ক্ষেত্রে সরকারের নির্বাহী ক্ষমতার পরিধি এবং এই চার্জের আইনি চরিত্র কী। কেন্দ্রের হলফনামা পাওয়ার পর বিষয়টি নিয়ে আদালতে পরবর্তী শুনানি হবে।

আরও পড়ুন : Allahabad High Court: ২০ সপ্তাহ পেরোনো গর্ভস্থ শিশুর মৃত্যুতে পৃথক ক্ষতিপূরণ, এল গুরুত্বপূর্ণ রায়