পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR ঘিরে জমা পড়া আবেদনের নিষ্পত্তির গতি নিয়ে নতুন তথ্য দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, ভোটার তালিকায় নাম বাদ দেওয়া বা অন্তর্ভুক্তি সংক্রান্ত মোট ৩৮,২০,৬৮৩টি আপিল দায়ের হয়েছে। এর মধ্যে মাত্র ১,০২,২৩১টির নিষ্পত্তি হয়েছে। ফলে এখনও ৩৭,১৮,৪৫২টি আপিল বকেয়া রয়েছে।
তবে কমিশনের হলফনামায় একটি গুরুত্বপূর্ণ তথ্যের আলাদা হিসাব দেওয়া হয়নি। কতগুলি আপিল ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিরুদ্ধে এবং কতগুলি নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে—তার পৃথক পরিসংখ্যান জানানো হয়নি। এই তথ্য চেয়েই সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল।
SIR প্রক্রিয়ায় বিপুল সংখ্যক নাম বাদ পড়া এবং পরে সংযোজনের আবেদন ঘিরে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। আদালতে পেশ হওয়া তথ্য অনুযায়ী, তালিকা তৈরির প্রাথমিক পর্যায়ে ৫৮ লক্ষেরও বেশি ভোটার বাদ পড়েছিলেন বলে দাবি করা হয়েছিল। পরে দাবি ও আপত্তি জানানোর পর্বে নাম অন্তর্ভুক্তির জন্য ৬ ও ৬এ ফর্মে প্রায় ৯.৬৪ লক্ষ আবেদন জমা পড়ে।
অন্য দিকে, ২০২৫ সালের ১৭ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকে ২০২৬ সালের ৭ অগস্ট পর্যন্ত ৩৪.১৩ লক্ষ ফর্ম ৬ জমা পড়েছে বলে কমিশনের তথ্য। ফর্ম ৬ মূলত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদন। এর মধ্যে প্রথম বার ভোটার হতে চাওয়া ব্যক্তি এবং SIR-এর সময় নাম বাদ যাওয়া ভোটার—দুই ধরনের আবেদনই রয়েছে।
আপিল দ্রুত নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট আগেই সময়সীমাবদ্ধ প্রক্রিয়ার উপর জোর দিয়েছিল। প্রায় ৬০ লক্ষ দাবি ও আপত্তির কাজ সামলাতে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ঝাড়খণ্ডের প্রায় ৭০০ বিচার বিভাগীয় আধিকারিককে কাজে লাগানো হয়েছিল। পরে আদালতের নির্দেশে ১৯টি আপিল ট্রাইব্যুনালও গঠন করা হয়।
এখন মূল নজর সেই ট্রাইব্যুনালগুলিতে। কারণ ৩৭ লক্ষের বেশি আপিল এখনও নিষ্পত্তির অপেক্ষায় থাকায়, দ্রুত শুনানি ও পৃথকভাবে আপিলের তথ্য প্রকাশের বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে রয়েছে।