Mahatma Gandhi: Rare Ram Rajya poster recalls Mahatma Gandhi’s only known cinema visit

Mahatma Gandhi: মহাত্মা গান্ধীর দেখা একমাত্র সিনেমা! লখনউ প্রদর্শনীতে বিরল ‘রাম রাজ্য’-র পোস্টার

লখনউ: মুম্বইয়ের কোলাবার একটি দোকান থেকে প্রায় আকস্মিকভাবেই উদ্ধার হয়েছিল ছেঁড়া, পুরনো একটি সিনেমার পোস্টার। বয়স প্রায় ৮৭ বছর। কিন্তু সেই পোস্টারের সঙ্গে জড়িয়ে রয়েছে মহাত্মা গান্ধীর সিনেমা দেখার এক বিরল স্মৃতি। তাই লখনউয়ের একটি বিশেষ চলচ্চিত্র পোস্টার প্রদর্শনীতে এখন অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে ১৯৩৯ সালের ছবি ‘রাম রাজ্য’-র সেই পুরনো পোস্টার।

বিজয় ভট্ট পরিচালিত ‘রাম রাজ্য’ ছবিতে ১৪ বছরের বনবাস শেষে অযোধ্যায় ভগবান রামের প্রত্যাবর্তন এবং তাঁর রাজ্যাভিষেকের কাহিনি তুলে ধরা হয়েছিল। লখনউয়ের আলিগঞ্জের কলা স্রোত আর্ট গ্যালারিতে আয়োজিত ‘বায়োস্কোপ-২: গুমনাম হ্যায় কোই’ প্রদর্শনীতে পোস্টারটি রাখা হয়েছে। আইআরএস আধিকারিক সুবুর উসমানি প্রায় দুই দশক ধরে সংগ্রহ করা বিরল চলচ্চিত্র পোস্টার দিয়ে এই প্রদর্শনীর আয়োজন করেছেন। ১৯ সেপ্টেম্বর শুরু হওয়া প্রদর্শনী চলবে ৪ অক্টোবর পর্যন্ত।

আরও পড়ুন : Rani Mukerji : প্রয়াত অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায়, বয়স ৭৫

অভিনেতা, লেখক ও নাট্যশিল্পী অতুল তিওয়ারির বক্তব্য অনুযায়ী, সিনেমা সম্পর্কে গান্ধীর দীর্ঘদিনের আপত্তি ছিল। ১৯৩৯ সালে সাংবাদিক খাজা আহমদ আব্বাস প্রকাশ্য চিঠিতে তাঁর সেই মতের সমালোচনা করে জানিয়েছিলেন, সিনেমা সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা ছাড়াই এমন মত দেওয়া ঠিক নয়। এরপরই গান্ধী বম্বের রিগ্যাল থিয়েটারে ‘রাম রাজ্য’ দেখেন। এটিই তাঁর কোনও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দেখার একমাত্র পরিচিত ঘটনা বলে উল্লেখ করা হয়।

উসমানি জানান, কোলাবার দোকানে অমিতাভ বচ্চনের ‘ডন’-এর পোস্টারের পাশে ক্ষতিগ্রস্ত ‘রাম রাজ্য’-র পোস্টারটি দেখে তাঁর নজর আটকে যায়। দোকানদার জানান, ‘ডন’-এর পোস্টার কিনলে ‘রাম রাজ্য’-র পোস্টারটি বিনামূল্যে দেওয়া হবে। পরে সেটি সংগ্রহ করে ক্ষতিগ্রস্ত অংশের সংস্কার করান তিনি।

প্রদর্শনীতে ‘পুকার’, ‘বাজি’, ‘হকিকত’, ‘সাত হিন্দুস্তানি’, ‘ভুবন সোম’-সহ ১৯৩৯ থেকে আশির দশকের একাধিক গুরুত্বপূর্ণ ছবির পোস্টার রয়েছে। কিছু পোস্টার আবার মুদ্রিত নয়, হাতে আঁকা মূল শিল্পকর্ম। সংগ্রাহকদের মতে, এই পুরনো পোস্টারগুলি শুধু চলচ্চিত্রের প্রচার নয়, সংশ্লিষ্ট সময়ের শিল্পবোধ, সমাজ ও সাংস্কৃতিক ভাবনারও গুরুত্বপূর্ণ দলিল।

আরও পড়ুন : Alia Bhatt : ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ সুপার হট আলিয়া ভাট, নতুন লুকে চর্চার কেন্দ্রে অভিনেত্রী