চেন্নাই: মুক্তির এখনও বেশ কিছুটা সময় বাকি। তার আগেই আন্তর্জাতিক স্তরে এক বিশাল সাফল্য অর্জন করল দক্ষিণ ভারতীয় তারকা আল্লু অর্জুন এবং পরিচালক অ্যাটলি জুটির বহু প্রতীক্ষিত সাই-ফাই ছবি ‘রাকা’। একসঙ্গে ৩৭ জন শিল্পীকে রিয়াল টাইমে মোশন-ক্যাপচার (Motion-Captured) ক্যামেরাবন্দি করে গিনেস বিশ্বরেকর্ড গড়েছে এই ছবি।
সোমবার প্রযোজনা সংস্থা ‘সান পিকচার্স’-এর তরফে আনুষ্ঠানিকভাবে এই খবর জানানো হয়েছে। ছবির পরিচালক অ্যাটলি এবং অভিনেতা আল্লু অর্জুনের হাতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের এই সম্মানজনক প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। প্রযোজনা সংস্থার দাবি, একই সঙ্গে ৩৭ জন অভিনেতার শারীরিক গতিবিধি নিখুঁতভাবে ক্যামেরায় ধারণ করার এই অভিনব প্রযুক্তিগত সাফল্য ভারতীয় সিনেমার ইতিহাসে একটি নতুন মাইলফলক তৈরি করল।
আরও পড়ুন: Rani Mukerji : প্রয়াত অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায়, বয়স ৭৫
পরিচালক অ্যাটলি ও আল্লু অর্জুন ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এর আগে ছবির প্রথম ঝলকে আল্লু অর্জুনের অন্যরকম লুকে অনুরাগীদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছিল। ছবিটির ভিজ্যুয়াল ও প্রযুক্তিগত পসরা হলিউড স্তরের হবে বলে ইতিমধ্যেই প্রশংসা করেছেন কলাকুশলীরা। মুক্তির আগেই এই আন্তর্জাতিক স্বীকৃতি ‘রাকা’ ছবিটিকে নিয়ে দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।