কলকাতা: আসন্ন উৎসবের মরশুমে নতুন পোশাকের সঙ্গে চুলে একটু রঙের ছোঁয়া আনতে কে না চায়! তবে পার্লারের চড়া খরচ এবং রাসায়নিক যুক্ত হেয়ার ডাইয়ের ভয়ে অনেকেই চুলে রং করার ইচ্ছা বাতিল করে দেন। কিন্তু জানেন কি, সম্পূর্ণ প্রাকৃতিক ও ঘরোয়া উপাদানেই পার্লারের মতো ক্যাচমেচি লুক বা হাইলাইট আনা সম্ভব চুলে? কপার গোল্ড, রোজ গোল্ড, ডার্ক চকোলেট, ডার্ক প্লাম কিংবা সিনামন ব্রাউন— ট্রেন্ডিং এই শেডগুলি ঘরেই বানিয়ে ফেলা যায়। জেনে নিন রাসায়নিক ছাড়া প্রাকৃতিক উপায়ে চুল রাঙানোর ৫টি সহজ পদ্ধতি:
কপার গোল্ড বা ক্যারামেল হাইলাইট: ক্যামোমাইল চায়ের ঘন লিকারের সঙ্গে ২ চামচ হলুদ গুঁড়ো, ৪ চামচ টক দই এবং ১ চামচ মধু মিশিয়ে একটি পেস্ট বানান। চুলের নির্দিষ্ট অংশে ব্রাশ দিয়ে লাগিয়ে ফয়েল পেপার দিয়ে মুড়ে ১ থেকে ১.৫ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।
রোজ গোল্ড: কোরিয়ান ফ্যাশনের এই ট্রেন্ডি রঙটি পেতে জবাফুলের পাপড়ি অল্প জলে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে তার সঙ্গে বিটরুটের রস এবং অ্যালো ভেরা জেল মিশিয়ে চুলে দুই ঘণ্টা রেখে ধুয়ে নিন।
আরও পড়ুন: Durga Puja 2026: এই চারদিনে এমনভাবে সাজলে নজর কাড়বেনই আপনি
ডার্ক চকোলেট: রোস্টেড কফি পাউডার, কোকো পাউডার এবং আমলকি পাউডার একসঙ্গে মিশিয়ে নিন। এবার মেথি ভেজানো জল দিয়ে ঘন প্যাক বানিয়ে চুলে ব্রাশ দিয়ে লাগিয়ে ১.৫ ঘণ্টা পর শ্যাম্পু ছাড়াই জল দিয়ে চুল ধুয়ে ফেলুন।
ডার্ক প্লাম: বিটরুট সেদ্ধ করা ঘন লালচে জলের সঙ্গে কফির লিকার, মেহেন্দির গুঁড়ো এবং ১ চামচ অ্যাপল সাইডার ভিনিগার মিশিয়ে নিন। এই মিশ্রণ চুলে ২ থেকে ৩ ঘণ্টা লাগিয়ে ঠান্ডা জলে ধুয়ে ফেললে সুন্দর প্লাম শেড আসবে।
সিনামন ব্রাউন: কন্ডিশনারের সঙ্গে ২ চামচ দারচিনির গুঁড়ো ও সমপরিমাণ মধু ভালভাবে মিশিয়ে নিন। শ্যাম্পু করার পর ভেজা চুলে এই মিশ্রণটি লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে ২ থেকে ৩ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।