Bilateral Meeting: US Meeting on Thursday: What Will Pakistan PM Shehbaz Sharif and Bangladesh PM Tarique Rahman Discuss?

Bilateral Meeting: আমেরিকায় বৃহস্পতিবার বৈঠক শাহবাজ-তারেকের, কোন কোন বিষয়ে কথা বলবেন পাক – বাংলদেশের প্রধানমন্ত্রী

নিউ ইয়র্ক: রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপুঞ্জের সদর দফতরের সচিবালয় ভবনে দুই দেশের সরকার প্রধানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল ১১:৩০ মিনিট থেকে দুপুর ১২:০০ মিনিট পর্যন্ত—এই আধ ঘণ্টার বৈঠকে দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর দফতরের ‘প্রেস উইং’ মঙ্গলবার এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। শাহবাজের সঙ্গে এই বৈঠকের ঠিক পরেই রাষ্ট্রপুঞ্জের ৮১তম সাধারণ সভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেকের। এছাড়া বৃহস্পতিবারই রাষ্ট্রপুঞ্জের সদর দফতরের পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও সমুদ্রতলের উচ্চতাবৃদ্ধি জনিত সংকট সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের আলোচনাসভাতেও তাঁর যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে। শুক্র ও শনিবার নিউ ইয়র্কে বিভিন্ন দাপ্তরিক কর্মসূচিতে অংশ নেওয়ার পর আগামী রবিবার তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

আরও পড়ুন: 429-foot Slim Jim: ৪২৯ ফুট লম্বা মাংসের স্ন্যাকস! ফুটবল মাঠের সমান ‘স্লিম জিম’ গড়ল বিশ্ব রেকর্ড

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বাংলাদেশের ত্রয়োদশ সাধারণ নির্বাচনে তারেক রহমানের দল বিএনপি বড় জয়লাভ করার পর সবার আগে ইসলামাবাদ থেকেই অভিনন্দন বার্তা পৌঁছেছিল ঢাকায়। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সোশ্যাল মিডিয়ায় তারেককে শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রতিরক্ষা ও অন্যান্য ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বার্তা দিয়েছিলেন। কূটনৈতিক মহলের ধারণা, বৃহস্পতিবারের বৈঠকে দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারের পাশাপাশি ‘বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি’ (বিওএফ)-এর আধুনিকীকরণ সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনা হতে পারে। এই আলোচনা ফলপ্রসূ হলে বাংলাদেশের সামরিক উৎপাদন খাতে পাক সেনার সরাসরি সহায়তার পথ প্রশস্ত হতে পারে এবং যৌথ উদ্যোগে আধুনিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও বড় অগ্রগতি হতে পারে বলে মনে করা হচ্ছে।