নিউ ইয়র্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি হিংসা, বলপূর্বক বাস্তুচ্যুতি এবং অবৈধ বসতি সম্প্রসারণ শান্তি প্রক্রিয়ার পথকে ধ্বংস করছে এবং এর ফলে ‘জাতিগত নিধনে’র ঝুঁকি বিপজ্জনকভাবে বৃদ্ধি পাচ্ছে। নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের ৮১তম সাধারণ অধিবেশনের ভাষণে এমনই কঠোর সতর্কবার্তা দিলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
মঙ্গলবারের ভাষণে গুতেরেস স্পষ্ট ভাষায় জানান, অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে যা চলছে, মধ্যপ্রাচ্যের অন্যান্য সংকটের ভিড়ে তা কোনোভাবেই উপেক্ষা করা যায় না। তাঁর মতে, পশ্চিম তীরে ইসরাইলের বর্তমান আগ্রাসী নীতি দ্বি-রাষ্ট্র সমাধানের সমস্ত সম্ভাবনাকে চোখের সামনে ধূলিসাৎ করে দিচ্ছে। গাজায় সংঘটিত হামলা ও ধ্বংসযজ্ঞকে তাঁর কার্যকালের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক আদালতের জারি করা সমস্ত আইনি নির্দেশিকা সব পক্ষকেই মেনে চলতে হবে।
আরও পড়ুন: Strait of Hormuz: আমেরিকা চাপ কমলেই ৭ দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে প্রস্তুত ইরান
পাশাপাশি, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত প্রসঙ্গে তিনি বিশ্বনেতাদের অবিলম্বে উত্তেজনা প্রশমন ও কূটনৈতিক আলোচনার পথে হাঁটার আহ্বান জানান। গুতেরেসের মতে, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষকে প্রতিনিয়ত মাশুল গুণতে হচ্ছে এবং মানবিক সহায়তা পৌঁছানোর পথ সুগম করার পাশাপাশি আন্তর্জাতিক নিয়ম মেনে নৌচলাচলের স্বাধীনতা পুনরুদ্ধার করা জরুরি। এ ছাড়াও ইউক্রেন যুদ্ধ, সুদানের মানবিক সংকট এবং বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)-এর ওপর কঠোর নজরদারি ও আন্তর্জাতিক কাঠামোর প্রয়োজনীয়তার কথাও নিজের বক্তব্যে তুলে ধরেন রাষ্ট্রপুঞ্জের এই শীর্ষ আধিকারিক।
আরও পড়ুন: Rishi Sunak: ‘বাদামি হিন্দু’ বলে কি ইংরেজ হওয়া যায় না? ত্বকের রঙ ও জাতীয়তা নিয়ে সরব ঋষি সুনক