মুম্বই: প্রেমে পড়লে অনেক সময়েই যুক্তি-তর্ক বা ভালো-মন্দের বিচার পিছনের সারিতে চলে যায়। কিন্তু দীর্ঘমেয়াদী বা দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে শুধু আকর্ষণের রোম্যান্স বা ভালো লাগাই যথেষ্ট নয়। জীবনসঙ্গী বা স্বামী হিসেবে কে ভালো আর কে খারাপ, তা বিচার করার আগে কিছু বাস্তব বিষয় ভেবে নেওয়া অত্যন্ত জরুরি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি পোস্টে ঠিক এই কথাই মনে করিয়ে দিয়েছেন অভিনেত্রী ভাগ্যশ্রী। তাঁর মতে, প্রেমের জোয়ারে অন্ধ না হয়ে বরং একটু থেমে, যুক্তিবাদী ও দূরদৃষ্টি দিয়ে জীবনসঙ্গী নির্বাচন করা উচিত। বিশেষ করে বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে নিজেকে এই ৩টি প্রশ্ন করা দরকার:
কঠিন পরিস্থিতিতে মানুষটির আসল রূপ কী?
কারও সুন্দর চেহারা বা প্রথম দেখার আকর্ষণ সহজে মুগ্ধ করলেও, সম্পর্ক টেকসই হবে কি না তা বোঝা যায় খারাপ সময়ে। রাগ, হতাশা বা জীবনের কঠিন পরিস্থিতিতে ওই মানুষটির আচরণ কেমন হয়, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই নিজেকে প্রশ্ন করুন— রাগলে তিনি কেমন আচরণ করেন? নিজের ভুল স্বীকার করতে পারেন কি? মতের অমিল হলে সম্মান বজায় রেখে আলোচনা করেন, নাকি অপমান করেন? আপনার সাফল্য বা বিপদের দিনে তাঁর পাশে থাকার ধরন কেমন— এই বিষয়গুলি বিচার করা জরুরি।
আরও পড়ুন: Toxic Personality: ‘ক্ষতিকর’ মানুষ চিনবেন কীভাবে? সম্পর্কের মধ্যে এই লক্ষণগুলি নজরে রাখুন
পছন্দের মিল ছাড়াও মৌলিক মূল্যবোধ কি এক?
একই ধরনের সিনেমা পছন্দ করা বা একই খাবার ভালো লাগা সম্পর্ককে সাময়িক আনন্দ দিতে পারে। কিন্তু দীর্ঘস্থায়ী সংসারের ভিত দাঁড়িয়ে থাকে অন্য কিছু বিষয়ের ওপর। টাকা-পয়সা বা আর্থিক পরিস্থিতি কীভাবে সামলানো হবে, পরিবারকে কতটা গুরুত্ব দেওয়া হবে, ভবিষ্যৎ পরিকল্পনা বা ক্যারিয়ার নিয়ে দৃষ্টিভঙ্গি কেমন— এই মৌলিক জায়গাগুলিতে মিল থাকা দরকার। এই জায়গাগুলিতে দু’জন দুই মেরুতে থাকলে ভবিষ্যতে বড় দ্বন্দ্ব তৈরি হতে পারে।
একা থাকলে বা নিজের মতো সময়ে মানুষটি কেমন?
ভাগ্যশ্রীর মতে, এই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবার সামনে ভালো বা মিষ্টি ব্যবহার করা তুলনামূলক সহজ। কিন্তু মানুষটি যখন একা থাকেন, তখন নিজের আবেগ, ব্যর্থতা, হতাশা বা রাগ তিনি কীভাবে সামলান, তা তাঁর মানসিক পরিপক্বতা প্রকাশ করে। নিজের ত্রুটি নিয়ে ভাবতে পারেন এমন মানুষ সাধারণত সঙ্গীর ওপর সমস্ত মানসিক চাপ অপ্রয়োজনে চাপিয়ে দেন না।
আরও পড়ুন: Kissing: দিনে ২২ মিনিট চুমু খেলেই আয়ু বাড়ে ৭ বছর? ভাইরাল দাবির পিছনে কতটা সত্য