Asian Games 2026: Vithya Ramraj breaks PT Usha’s 42-year-old national record in 400m hurdles to win Asian Games bronze

Asian Games 2026: ৪২ বছরের অপেক্ষার অবসান, পিটি ঊষার রেকর্ড ভেঙে এশিয়াডে ব্রোঞ্জ বিদ্যার

নাগোয়া, ২৮ সেপ্টেম্বর: চার দশকেরও বেশি সময় ধরে অক্ষত থাকা পিটি ঊষার জাতীয় রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন ভারতের বিদ্যা রামরাজ। এশিয়ান গেমসের মহিলাদের ৪০০ মিটার হার্ডলসে ৫৪.৭৫ সেকেন্ড সময় করে ব্রোঞ্জ জিতেছেন তামিলনাড়ুর এই ২৮ বছর বয়সি অ্যাথলিট। একই সঙ্গে নিজের ব্যক্তিগত সেরাও গড়েছেন তিনি।

১৯৮৪ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ৪০০ মিটার হার্ডলসে ৫৫.৪২ সেকেন্ড সময় করে জাতীয় রেকর্ড গড়েছিলেন পিটি ঊষা। দীর্ঘ ৪২ বছর ধরে অক্ষত ছিল সেই নজির। সোমবার জাপানের আইচি-নাগোয়ায় সেই রেকর্ড ভেঙে দেন বিদ্যা। বিশেষ তাৎপর্যের বিষয়, যে পিটি ঊষার রেকর্ড ভাঙলেন বিদ্যা, তিনি বর্তমানে ভারতীয় অলিম্পিক সংস্থার সভানেত্রী হিসেবে এশিয়ান গেমসের গ্যালারিতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : Sourav Ganguly: সৌরভের বায়োপিকের শুটিংয়ের জন্য পিচ নষ্ট! ২৭ পয়েন্ট কাটা গেল লেস্টারশায়ারের

এ দিনের ফাইনালে আট প্রতিযোগীর মধ্যে চারজনই নিজেদের কেরিয়ারের সেরা সময় করেছেন। ৫৪.৩১ সেকেন্ডে গেমস রেকর্ড গড়ে সোনা জিতেছেন সংযুক্ত আরব আমিরশাহির মরিয়ম করিম। ৫৪.৫৮ সেকেন্ডে রুপো পেয়েছেন কাজাখস্তানের অ্যাডেলিনা জেমস। ভারতের অপর প্রতিযোগী অনু রাঘবন ৫৫.৮৮ সেকেন্ডে পঞ্চম হয়েছেন, যা তাঁরও ব্যক্তিগত সেরা।

রেকর্ড ভাঙার খবর জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠতেই আবেগ ধরে রাখতে পারেননি বিদ্যা। ট্র্যাকেই নাচতে শুরু করেন তিনি। গত এশিয়ান গেমসে ৫৫.৪২ সেকেন্ড সময় করে ঊষার রেকর্ড স্পর্শ করেছিলেন বিদ্যা। মাত্র ০.০১ সেকেন্ডের জন্য সেবার রেকর্ড ভাঙা হয়নি। এবার সেই আক্ষেপ মিটল।

চলতি এশিয়ান গেমসে এটি বিদ্যার দ্বিতীয় পদক। এর আগে ৪×৪০০ মিটার মিক্সড রিলেতে রুপো জেতা ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। এশিয়ান গেমসের ৪০০ মিটার হার্ডলসে ভারতের হয়ে এটি টানা দ্বিতীয় ব্রোঞ্জ।

আরও পড়ুন : Asian Games এশিয়াড হকিতে সিঙ্গাপুরকে ৭ গোল ভারতের, স্কোয়াশে জোড়া রুপো, অ্যাথলেটিক্সেও পদক