লেস্টার, ১৭ সেপ্টেম্বর: খারাপ পিচের কারণে বড় শাস্তির মুখে পড়ল লেস্টারশায়ার। গ্ল্যামরগনের বিরুদ্ধে ম্যাচে পিচের মান নিয়ে অভিযোগের জেরে কাউন্টি দলটির মোট ২৭ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। একই সঙ্গে ৫,০০০ পাউন্ড জরিমানাও করা হয়েছে। দলের প্রধান গ্রাউন্ডসম্যান কলাম লেউইন পিচের বেহাল অবস্থার অন্যতম কারণ হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং এবং তীব্র গরমের কথা জানিয়েছিলেন।
গত মাসে গ্রেস রোডে গ্ল্যামরগনের বিরুদ্ধে ৪২ রানে জয় পেয়েছিল লেস্টারশায়ার। তবে ম্যাচের পর রেফারির রিপোর্টে পিচকে ‘খারাপ’ বলে উল্লেখ করা হয়। গ্ল্যামরগনের কোচ রিচার্ড ডসনও জানিয়েছিলেন, পিচে অসমান বাউন্সের কারণে ব্যাটাররা চোট পেয়েছেন।
লেস্টারশায়ারের দাবি ছিল, ম্যাচের কয়েক দিন আগে গ্রেস রোডে হঠাৎ করে একটি বলিউড ছবির শুটিং হয়েছিল। সেটি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক বলে জানানো হয়। গ্রাউন্ডসম্যান লেউইনের বক্তব্য, শুটিংয়ের চার দিন আগে তাঁকে পিচে কাজ করা, এমনকি সেটি ঢাকার অনুমতিও দেওয়া হয়নি। তার উপর তাপমাত্রা ছিল প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। ফলে পিচ প্রস্তুতিতে সমস্যা তৈরি হয়।
তবে স্বাধীন ক্রিকেট ডিসিপ্লিন প্যানেল এই যুক্তিকে শাস্তি কমানোর যথেষ্ট কারণ হিসেবে মানেনি। প্যানেলের বক্তব্য, গ্রেস রোডে বলিউড ছবির শুটিং হয়েছিল মাত্র এক দিন।
শাস্তি হিসেবে ম্যাচে পাওয়া ১৯ পয়েন্ট বাতিলের পাশাপাশি আরও ৮ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। ২০২৭ মরসুমের শেষ পর্যন্ত আরও ৮ পয়েন্টের শাস্তি স্থগিত রাখা হয়েছে। লেস্টারশায়ার জানিয়েছে, সিদ্ধান্ত পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবছে।