The News Nest ফ্লাইদুবাই বিমানে বড়সড় দুর্ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের পরিবারের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুরুতর আহত অবস্থাতেও শতাধিক যাত্রীর জীবন রক্ষায় তাঁর সাহস ও দৃঢ়তার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের স্ত্রী ও বাবা-মায়ের সঙ্গে টেলিফোনে কথা বলেন মোদি। সরকারি সূত্রের খবর, সৌদি আরবের হাসপাতালে চিকিৎসাধীন আহত পাইলটের জন্য ভারতীয় কূটনৈতিক মিশনগুলি সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে বলে পরিবারকে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। তাঁর দ্রুত আরোগ্যও কামনা করেন তিনি।
এর আগে সোশ্যাল মিডিয়া পোস্টে ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে ‘হিরো’ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। মোদি লেখেন, ভয়াবহ বিপদের মুখেও গুরুতর আহত অবস্থায় অন্যদের জীবন রক্ষার জন্য পাইলট যে সাহস ও দৃঢ়তা দেখিয়েছেন, তা প্রশংসনীয়। তাঁর সাহসের কারণেই শত শত প্রাণ রক্ষা পেয়েছে এবং বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
ঘটনাটি ঘটে বুধবার। দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমানে মোট ১৭৪ জন যাত্রী ছিলেন, তাঁদের মধ্যে ২৭ জন শিশু। মাঝ আকাশে বিমানটি জরুরি সংকেত পাঠায় এবং ৩৪,০০০ ফুট উচ্চতা থেকে আচমকা প্রায় ১৭,০০০ ফুট নীচে নেমে যায়। পরে বিমানটি সৌদি আরবের তাবুকের প্রিন্স সুলতান বিন আবদুলআজিজ বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
ইজরায়েলি আধিকারিকদের দাবি, বিমানের কো-পাইলট নাকি ককপিটের নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করে বিমানটিকে বিপজ্জনক পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেই সময় ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের উপর হামলা করা হয় বলেও অভিযোগ। যাত্রী ও বিমানকর্মীরা হস্তক্ষেপ করে কো-পাইলটকে নিয়ন্ত্রণে আনেন। এরপর বিমানটি নিরাপদে নিয়ন্ত্রণে এনে সৌদি আরবে অবতরণ করানো হয়।
বর্তমানে গুরুতর আহত অবস্থায় সৌদি আরবের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।