The NewsNest Desk:
দিল্লির রামলীলা ময়দান থেকে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ার বিরুদ্ধে আয়োজিত INDIA জোটের মহাসমাবেশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। রাহুলের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে দেশে ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। তাঁর হুঁশিয়ারি, এই ঘটনায় জ্ঞানেশ কুমারকে জেলে যেতে হবে এবং মোদি-শাহও দায় এড়াতে পারবেন না।
রবিবার দিল্লির রামলীলা ময়দানে ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে এই মহাসমাবেশের আয়োজন করে বিরোধী INDIA জোট। কর্মসূচিতে যোগ দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, তেজস্বী যাদব এবং ফারুক আবদুল্লা-সহ একাধিক বিরোধী নেতা। তাঁদের ঘিরে সভাস্থলে জমায়েত হন বহু মানুষ।
সংবিধান রক্ষার লড়াইয়ের ডাক
সভামঞ্চ থেকে রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্য নির্বাচন কমিশনারকে একটি বার্তা দেওয়ার প্রয়োজন ছিল। রামলীলা ময়দানে উপস্থিত মানুষের আওয়াজ সেই বার্তা পৌঁছে দিয়েছে। তাঁর দাবি, এই প্রতিবাদ কেবল রাজনৈতিক নেতাদের নয়, পড়ুয়া ও ছাত্রছাত্রীদেরও। কোনওভাবেই সংবিধানকে ধ্বংস হতে দেওয়া হবে না। কেউই সংবিধানের ঊর্ধ্বে নন বলেও মন্তব্য করেন তিনি।
SIR প্রক্রিয়া নিয়ে একাধিক রাজ্যের প্রসঙ্গ তুলে রাহুলের অভিযোগ, শুধু পশ্চিমবঙ্গ নয়, মহারাষ্ট্র, বিহার, মধ্যপ্রদেশ এবং কর্নাটকেও ভোটার তালিকা সংশোধন ঘিরে অনিয়মের অভিযোগ উঠেছে। এমনকী ২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
২০২৪-এর নির্বাচন নিয়েও প্রশ্ন
রাহুল গান্ধীর বক্তব্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে NDA এবং বিরোধী জোটের মধ্যে ভোটের ব্যবধান ছিল মাত্র ৩ শতাংশ। তাঁর অভিযোগ, পরবর্তী সময়ে ভোটার তালিকা থেকে ১৫ শতাংশ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এই পরিসংখ্যানের ভিত্তিতে ২০২৪ সালের নির্বাচন নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা। তাঁর দাবি, নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য থেকেই ভোটার তালিকা সংক্রান্ত অনিয়মের বিষয়টি সামনে এসেছে।
এদিকে, SIR প্রক্রিয়াকে কেন্দ্র করে বিরোধীদের অভিযোগের মুখে নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকা সংশোধনের কাজ নির্ধারিত নিয়ম মেনেই চলছে। রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগও খারিজ করেছে কমিশন।