UGC: Amit Shah says BJP-NDA governments in 21 states will roll out UCC before 2029

UGC: লোকসভা ভোটের আগেই বিজেপিশাসিত ২১ রাজ্যে চালু হবে অভিন্ন দেওয়ানিবিধি: অমিত শাহ

মুম্বই: আগামী ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই বিজেপি এবং তাদের জোটশাসিত (এনডিএ) ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি চালু হয়ে যাবে বলে আত্মবিশ্বাসী করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার মুম্বইয়ে এক সাংবাদিক বৈঠকে নরেন্দ্র মোদী সরকারের ১২ বছরের সাফল্য এবং পারফরম্যান্স-ভিত্তিক রাজনীতির চিত্র তুলে ধরতে গিয়ে এই বড় ঘোষণা করেন তিনি।

অমিত শাহ জানান, ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের মধ্যে উত্তরাখণ্ডে প্রথম এই বিধি কার্যকর হয়েছে। পরবর্তীতে গুজরাত, অসম এবং মধ্যপ্রদেশের বিধানসভাতেও এই সংক্রান্ত বিল পাশ হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র এবং ছত্তীসগঢ়ে ইউসিসি চালুর লক্ষ্যে খসড়া তৈরির জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে। শাহ জোর দিয়ে বলেন, ২০১৪ সাল থেকে বিজেপি সরকারের রাজনীতি পুরোপুরি কাজভিত্তিক। তিন তালাক প্রথা বিলোপের মাধ্যমে মুসলিম নারীদের সমানাধিকার সুনিশ্চিত করার পাশাপাশি জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশ এগোচ্ছে।

এদিনের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও বিচারব্যবস্থার সাফল্যও তুলে ধরেন। তিনি জানান, সার্জিক্যাল স্ট্রাইক, বিমান হানা এবং অপারেশন সিঁদুরের মাধ্যমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে কেন্দ্র। সেইসঙ্গে পাঁচ দশকের নকশাল সমস্যার অবসান ঘটানো এবং সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের মতো ঐতিহাসিক পদক্ষেপ রক্তপাতহীনভাবে সম্পন্ন হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা প্রণয়নের ফলে ফৌজদারি বিচারব্যবস্থা আরও মজবুত হয়েছে এবং অপরাধীদের দোষী সাব্যস্ত হওয়ার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে দেশের ২১টি রাজ্যে ইউসিসি কার্যকর করা গেলে গেরুয়া শিবিরের রাজনৈতিক কৌশল আরও পোক্ত হবে।