US House Passes Russia Sanctions Bill, India Faces 100% Tariff Risk

Russia: রাশিয়ার তেল কিনলে ভারতকে ১০০% শুল্ক? হাউসে বিল পাশ, এখন ট্রাম্পের সিদ্ধান্ত

রাশিয়া থেকে তেল কেনা দেশগুলির উপর বড় চাপ তৈরি করতে নতুন পদক্ষেপ আমেরিকার। মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে এমন একটি বিল পাশ হয়েছে, যার ফলে রুশ তেল ও গ্যাসের বড় ক্রেতা দেশগুলির পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ (100 percent tariff on India)পর্যন্ত শুল্ক বসানোর ক্ষমতা পাবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত ও চিন এই ব্যবস্থার আওতায় পড়তে পারে। তবে ভারতের উপর এখনই ১০০ শতাংশ শুল্ক বসেনি—বিলটি পাশ হলে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ট্রাম্পের হাতে যাবে।( India Russia oil)

‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অফ ২০২৬’ নামে বিলটি বুধবার হাউসে ২৬২-১৫৯ ভোটে পাশ হয়। এর আগে অগস্টে সেনেটেও ৮৬-১১ ভোটে বিলটি অনুমোদিত হয়েছিল। ফলে এবার প্রেসিডেন্টের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে প্রস্তাবটি।

বিলটির লক্ষ্য রাশিয়ার জ্বালানি বিক্রি থেকে পাওয়া অর্থের উপর চাপ তৈরি করা। ইউক্রেন যুদ্ধের আবহে মস্কোর সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলিকেও সেই চাপের আওতায় আনতে চাইছে ওয়াশিংটন। প্রস্তাবিত ব্যবস্থায় রাশিয়ার তেল ও গ্যাসের পাঁচ বৃহত্তম ক্রেতা দেশের উপর অতিরিক্ত শুল্ক বসানোর সুযোগ রাখা হয়েছে।

এই জায়গাতেই ভারতের বিষয়টি গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, অগস্টে রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানি ছিল দৈনিক প্রায় ১৬ লক্ষ ব্যারেল। ওই মাসে রুশ তেলের সবচেয়ে বড় ক্রেতা ছিল ভারত, তার পরেই চিন।

তবে বিল পাশ হওয়া মানেই শুল্ক কার্যকর হয়ে যাওয়া নয়। ট্রাম্প আদৌ এই ক্ষমতা ব্যবহার করবেন কি না, করলে কত শতাংশ শুল্ক বসবে এবং কোন পণ্যের উপর তা কার্যকর হবে—সেগুলি পরবর্তী সিদ্ধান্তের বিষয়। প্রেসিডেন্ট চাইলে জাতীয় স্বার্থের ভিত্তিতে প্রস্তাবিত ব্যবস্থার ক্ষেত্রে ছাড় দেওয়ার সুযোগও রয়েছে।

এই বিল ঘিরে আমেরিকার অভ্যন্তরেও মতভেদ রয়েছে। সমর্থকদের বক্তব্য, রাশিয়ার যুদ্ধের অর্থনৈতিক উৎসে চাপ তৈরি করতেই এই পদক্ষেপ। অন্যদিকে বিরোধীদের একাংশ আশঙ্কা করছেন, প্রেসিডেন্টকে এত বড় শুল্কক্ষমতা দিলে আমেরিকার মিত্র দেশ এবং মার্কিন অর্থনীতির উপরও তার প্রভাব পড়তে পারে।

এখন তাই নজর হোয়াইট হাউসের দিকে। ট্রাম্প বিলে সই করলে ভারত-আমেরিকা বাণিজ্য সম্পর্ক এবং ভারতের রুশ তেল আমদানির উপর নতুন করে চাপ তৈরি হতে পারে।