পূর্ণিয়া: বিহারের পূর্ণিয়ায় শ্রেণিকক্ষে যৌনশিক্ষার পাঠ দিতে শসা ও কন্ডোম ব্যবহার করার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিয়োটি চন্দন কুমার পণ্ডিত নামে এক জীববিজ্ঞানের শিক্ষক নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন বলে জানা গিয়েছে। তবে ভাইরাল হওয়া ভিডিয়োটির সত্যতা স্বাধীন ভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, কন্ডোম কী ভাবে ব্যবহার করতে হয়, তা বোঝানোর জন্য একটি শসাকে মডেল হিসেবে ব্যবহার করছেন ওই শিক্ষক। একই সঙ্গে কন্ডোমের সঠিক ব্যবহার, যৌনবাহিত সংক্রমণ প্রতিরোধ এবং জন্মনিয়ন্ত্রণে এর ভূমিকা নিয়েও তিনি ব্যাখ্যা করছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।সমাজমাধ্যমে নিজেকে ‘ভারতের ভাইরাল জীববিজ্ঞানের শিক্ষক’ হিসেবে পরিচয় দেন চন্দন। ইনস্টাগ্রামে তাঁর ২৫ হাজারেরও বেশি অনুসারী রয়েছে। যৌনশিক্ষার মতো সংবেদনশীল বিষয়কে সহজ ও বাস্তব উদাহরণের মাধ্যমে বোঝানোর উদ্দেশ্যেই এই পদ্ধতি ব্যবহার করেছেন বলে নিজের পোস্টের ক্যাপশনে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন : BRICS food fight: ব্রিকসের নৈশভোজে ‘মটনের মতো দেখতে’ মাশরুম কাবাব! নতুন করে চাগিয়ে উঠল বিতর্ক
চন্দনের বক্তব্য অনুযায়ী, জন্মনিয়ন্ত্রণ এবং প্রজনন স্বাস্থ্যের মতো বিষয়গুলি শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত করে বোঝানো প্রয়োজন। তাঁর মতে, এ ধরনের বিষয়ে খোলাখুলি আলোচনা হলে যৌনস্বাস্থ্য নিয়ে সামাজিক ট্যাবু ও ভুল ধারণা কমানো সম্ভব।ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর সমাজমাধ্যমে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। প্রায় ২ কোটি বার ভিডিয়োটি দেখা হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। অনেক নেটাগরিক বাস্তব উদাহরণের মাধ্যমে যৌনশিক্ষা দেওয়ার পদ্ধতির প্রশংসা করেছেন। আবার সংবেদনশীল বিষয়টি শ্রেণিকক্ষে কী ভাবে উপস্থাপন করা উচিত, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।
যৌনশিক্ষা বিশেষ করে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, যৌনবাহিত সংক্রমণ, নিরাপদ যৌন আচরণ এবং জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের পাঠদানের ক্ষেত্রে বয়সোপযোগী উপস্থাপনা ও উপযুক্ত শিক্ষণপদ্ধতি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।