ওয়াশিংটন, ১৬ সেপ্টেম্বর: রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি করা দেশগুলির বিরুদ্ধে বড়সড় বাণিজ্যিক পদক্ষেপের পথে আরও এক ধাপ এগোল আমেরিকা। ভারত-সহ রুশ জ্বালানির ক্রেতা দেশগুলির পণ্যে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর ক্ষমতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়ার লক্ষ্যে আনা বিলটি মঙ্গলবার মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে প্রক্রিয়াগত ভোটে অনুমোদিত হয়েছে। বিলটির পক্ষে ২১৪টি এবং বিপক্ষে ২১১টি ভোট পড়ে।
‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাঙ্কশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অফ ২০২৬’ নামে এই বিলের লক্ষ্য রাশিয়া এবং তার পেট্রোলিয়াম পণ্যের বড় ক্রেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার করা। ইউক্রেনে যুদ্ধ চালানোর জন্য রাশিয়া জ্বালানি বিক্রি থেকে পাওয়া অর্থ ব্যবহার করছে বলে দাবি করে আসছে ওয়াশিংটন।
বিশ্বে রুশ জ্বালানির সবচেয়ে বড় দুই ক্রেতা হল চিন ও ভারত। তাই বিলটি কার্যকর হলে নয়াদিল্লির উপর উল্লেখযোগ্য বাণিজ্যিক চাপ তৈরি হতে পারে। ভারত ও চিন ছাড়াও আজারবাইজান, হাঙ্গেরি এবং স্লোভাকিয়ার মতো দেশগুলিও প্রস্তাবিত ব্যবস্থার আওতায় আসতে পারে। প্রক্রিয়াগত ভোটে দুই ডেমোক্র্যাট সদস্য রিপাবলিকানদের সঙ্গে বিলটির পক্ষে ভোট দেন। বুধবার হাউসে বিলটির চূড়ান্ত ভোট হওয়ার কথা। সেখানে অনুমোদন পেলে তা প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য পাঠানো হবে।
শুধু রাশিয়ার বিরুদ্ধেই নয়, ইরানের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা বাড়ানোর প্রস্তাব রয়েছে বিলে। ১৯৯৬ সালের ইরান নিষেধাজ্ঞা আইন ২০৩১ সাল পর্যন্ত বাড়ানো এবং ইরানের জ্বালানি ক্ষেত্রে বিনিয়োগকারী সংস্থাগুলির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
১৭ সেপ্টেম্বর থেকে হাউসে আগাম ছুটি শুরু হওয়ার কথা। মধ্যবর্তী নির্বাচনের পর ৯ নভেম্বর ফের অধিবেশন বসবে। ফলে বিলটির পরবর্তী প্রক্রিয়াও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।