ইসলামাবাদ, ১৬ সেপ্টেম্বর: ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান। দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, আগামী ২৪ অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
বুধবার পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষের জারি করা এক নোটিশে জানানো হয়, ভারতের নিবন্ধিত কোনো বিমান কিংবা ভারতীয় এয়ারলাইন্সের মালিকানাধীন, পরিচালিত বা ভাড়ায় চালিত সাধারণ ও সামরিক কোনো উড়োজাহাজ পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। বুধবার সকাল ১০টা ৪৫ মিনিট থেকে কার্যকর হওয়া এই নির্দেশিকা ২৪ অক্টোবর ভোর ৪টে ৫৯ মিনিট পর্যন্ত বহাল থাকবে।
২০২৫ সালের এপ্রিলে পহেলগামে জঙ্গি হামলার পর দুই দেশই পরস্পরের বিমানের ওপর পাল্টা নিষেধাজ্ঞা জারি করে। পূর্বে ঘোষিত নিষেধাজ্ঞার মেয়াদ ২৪ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিল, যা এবার আরও বাড়ানো হলো। পাকিস্তান বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের করাচি ও লাহোর—উভয় আকাশসীমা বা ফ্লাইটের ওপরই এই নির্দেশ প্রযোজ্য। নিষেধাজ্ঞার কারণে ভারতীয় বিমানগুলোকে বিকল্প এবং দীর্ঘ পথ ব্যবহার করতে হচ্ছে, যার ফলে সময় ও জ্বালানি খরচ উল্লেখযোগ্যভাবে বাড়ছে।