কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার মানবসভ্যতার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। শুক্রবার এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অসৎ উদ্দেশ্য নিয়ে এআই প্রযুক্তি ব্যবহার করা হলে এমন ঘটনা ঘটতে পারে যাতে ১০০ কোটি মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে।
গেটসের বক্তব্য, এআই ইতিমধ্যেই অত্যন্ত শক্তিশালী প্রযুক্তিতে পরিণত হয়েছে। তাঁর মতে, অসৎ উদ্দেশ্যসম্পন্ন মানুষের হাতে অত্যাধুনিক এআই সরঞ্জাম চলে গেলে এর সম্ভাব্য বিপদ অতীতের বহু প্রযুক্তিগত ঝুঁকিকেও ছাপিয়ে যেতে পারে।
আরও পড়ুন : ChatGPT চ্যাটজিপিটি ব্যবহারকারীদের ৫৩টি ছবি ফাঁস, এআই এজেন্ট নিয়ে উঠল প্রশ্ন
একই সঙ্গে এআই নিয়ন্ত্রণের জন্য প্রযুক্তি সংস্থাগুলির আত্মনিয়ন্ত্রণের উপর নির্ভর না করে সরকারের আইন প্রণয়নের পক্ষে সওয়াল করেছেন তিনি। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সরকারকে এআইয়ের উন্নয়ন ও ব্যবহার নিয়ে কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা তৈরির আহ্বান জানিয়েছেন গেটস।
তাঁর এই মন্তব্য এমন এক সময়ে সামনে এল, যখন ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যান এবং অ্যানথ্রপিকের প্রধান দারিও আমোদেইও এআই প্রযুক্তির ক্ষেত্রে আরও শক্তিশালী সরকারি নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার কথা বলেছেন। সাম্প্রতিক সময়ে স্বয়ংক্রিয় এআই এজেন্টের আচরণ নিয়েও একাধিক উদ্বেগ সামনে এসেছে।
এর আগে গেটস আশঙ্কা প্রকাশ করেছিলেন, এআই একদিকে যেমন বৈষম্য কমানোর সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি হয়ে উঠতে পারে, তেমনই এটি অন্যদিকে অবিচারের অন্যতম বড় উৎসও হতে পারে। এমনকি উন্মুক্ত এআই প্রযুক্তি ব্যবহার করে কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী জৈব অস্ত্র তৈরি করতে পারে—এই ঝুঁকিকেও তিনি প্রাকৃতিক মহামারির আশঙ্কার সঙ্গে তুলনা করেছিলেন।
আরও পড়ুন : Pakistan পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী হামলা, নিহত অন্তত ১২, আহত ৩০
মহামারি নিয়েও অতীতে সতর্ক করেছিলেন গেটস। ২০১৫ সালের একটি আলোচিত বক্তৃতায় তিনি বলেছিলেন, পরবর্তী বড় মহামারির জন্য বিশ্ব যথেষ্ট প্রস্তুত নয়। কোভিড-১৯ মহামারির পর তাঁর সেই বক্তব্য নতুন করে আলোচনায় আসে। একই সময়ে তাঁর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রতত্ত্বও ছড়িয়ে পড়ে, যদিও গেটস সেগুলিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন।
টিকা, জনস্বাস্থ্য এবং প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে তাঁর যোগাযোগ নিয়েও অতীতে বিতর্ক হয়েছে। গেটস এপস্টিনের সঙ্গে সাক্ষাৎকে নিজের ভুল বলে উল্লেখ করেছেন এবং কোনও অনৈতিক সম্পর্কের অভিযোগ অস্বীকার করেছেন।