কলকাতা: নথিপত্র, পরিচালন ব্যবস্থা এবং অর্থের উৎসে গুরুতর অসঙ্গতির অভিযোগে রাজ্যের ২৫২টি মাদ্রাসা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সরকার। পাশাপাশি, নিয়মভঙ্গের অভিযোগে আরও ১০০টি মাদ্রাসাকে কারণ দর্শানোর (শো কজ) নোটিস পাঠানো হয়েছে। কলকাতা-সহ রাজ্যের ২২টি জেলায় প্রশাসনিক পর্যায়ে ব্যাপক যাচাই ও তদন্তের পর এই পদক্ষেপ করা হয়েছে।
আদিবাসী ও সংখ্যালঘু উন্নয়ন দফতর সূত্রে জানা গেছে, মাদ্রাসাগুলির পরিকাঠামো, শিক্ষক-শিক্ষিকার সংখ্যা, পড়ুয়ার উপস্থিতি এবং আয়ের উৎস পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হয়। নবান্নের একটি সূত্রের দাবি, অনুমোদিত এবং নিয়ম মেনে পরিচালিত মাদ্রাসাগুলির ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। কিন্তু তথ্য বা তহবিলে গুরুতর অসঙ্গতি পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এই প্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ জানান, অতীতে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ঘটনায় কিছু মাদ্রাসার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। তাই সাধারণ মানুষের সুরক্ষা ও স্বচ্ছতা বজায় রাখতে এই বিশেষ পদক্ষেপ করা হচ্ছে। তাঁর স্পষ্ট বার্তা, বৈধ ও নিয়মনিষ্ঠ মাদ্রাসাগুলি স্বাভাবিকভাবেই চলবে, তবে যত্রতত্র অনিয়ম বরদাস্ত করা হবে না।