SIR: West Bengal SIR Tribunals face over 5.3 lakh appeals, with disposal pace raising questions over the timeline.

SIR ট্রাইব্যুনালের কাজ শেষ হতে ১৪৫ বছর! অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়

The NewsNest Desk: পশ্চিমবঙ্গে SIR-এর পর ভোটার তালিকা থেকে বাদ পড়া নাম নিয়ে আবেদনের পাহাড়। আর সেই বিপুল সংখ্যক আবেদন নিষ্পত্তি করতে গিয়ে সমস্যায় পড়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়। জোকায় তাঁর ট্রাইব্যুনালে প্রায় ৫ লক্ষ ৩০ হাজার আবেদন বিচারাধীন। বর্তমান গতিতে কাজ চললে সব আবেদন নিষ্পত্তি করতে প্রায় ১৪৫ বছর লেগে যেতে পারে বলে হিসাব উঠে এসেছে।

এই পরিস্থিতিতে ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন বিচারপতি চট্টোপাধ্যায়। তবে পুরোপুরি দায়িত্ব ছেড়ে দিতে চান না তিনি। বরং তাঁর ট্রাইব্যুনালটি সল্টলেক বা তার আশপাশে স্থানান্তর করার প্রস্তাব দিয়েছেন।বিচারপতি চট্টোপাধ্যায়ের বক্তব্য, সল্টলেকের বাড়ি থেকে জোকার শুনানি কেন্দ্রে পৌঁছতে প্রায় আড়াই ঘণ্টা সময় লাগে। প্রায় ২৭ কিলোমিটারের এই যাত্রাপথে নিয়মিত যানজটের মুখে পড়তে হয়। ফলে শুনানির জন্য প্রয়োজনীয় সময়ও কমে যাচ্ছে। তাঁর নিরাপত্তারক্ষীরা যানজট সামলানোর চেষ্টা করলেও অনেক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় না।

বর্তমানে দিনে সর্বোচ্চ প্রায় ১০টি আবেদনের নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা গিয়েছে। সেই গতিতে ৫.৩ লক্ষ আবেদন শেষ করতে প্রায় ১৪৫ বছর লাগার হিসাব সামনে এসেছে। সম্প্রতি সুপ্রিম কোর্টে দেওয়া হলফনামায় নির্বাচন কমিশন অবশ্য জানিয়েছিল, সব ট্রাইব্যুনালে বিচারাধীন আবেদন নিষ্পত্তিতে অন্তত ১২ বছর সময় লাগতে পারে। জোকায় বর্তমানে মোট ১৯টি SIR ট্রাইব্যুনাল চলছে। বিচারপতি চট্টোপাধ্যায়ের ট্রাইব্যুনালে মুর্শিদাবাদের ১১টি বিধানসভা কেন্দ্রের বাদ পড়া ভোটারদের আবেদন বিবেচনা করা হচ্ছে। মুর্শিদাবাদে SIR-পর্বে বিপুল সংখ্যক ভোটারের নাম নিয়ে আপত্তি উঠেছিল।

এখন পর্যন্ত বিচারপতি চট্টোপাধ্যায় ৪২৫টি আবেদন নিষ্পত্তি করেছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ৩৫০ জনের নাম ভোটার তালিকায় পুনর্বহাল হয়েছে এবং ৭৫ জনের আবেদন খারিজ হয়েছে। অর্থাৎ নিষ্পত্তি হওয়া আবেদনের প্রায় ৮২.৩৫ শতাংশ ক্ষেত্রেই আবেদনকারীদের নাম বৈধ ভোটার হিসেবে গ্রহণ করা হয়েছে।