ঢাকা: ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের জমা দেওয়া ছবিগুলোর মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে এই সিনেমা। রবিবার ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়।
এবার বাংলাদেশের পক্ষ থেকে অস্কারের জন্য মোট পাঁচটি সিনেমা জমা পড়েছিল। তালিকায় ছিল নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। প্রাথমিক বাছাই শেষে চারটি ছবি পরবর্তী পর্যায়ে বিবেচিত হয়। সেখান থেকেই বাংলাদেশের চূড়ান্ত প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয় ‘রইদ’।
বাংলাদেশের হয়ে অস্কারের মঞ্চে যাওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত নির্মাতা মেজবাউর রহমান সুমন। তাঁর কথায়, ‘রইদ’ শুধু একটি সিনেমা নয়, বরং এই অঞ্চলের মানুষের গল্প, সংস্কৃতি ও চিন্তার প্রতিফলন। সিনেমার বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি এর নান্দনিক ও একাডেমিক দিকও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। সুমনের মতে, গত কয়েক বছরে বাংলাদেশের বেশ কিছু মানসম্পন্ন সিনেমা অস্কারে দেশের প্রতিনিধিত্ব করেছে। তাঁর আশা, এই ধারাবাহিকতা ভবিষ্যতে বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পরিসরে আরও পরিচিত করে তুলবে এবং একসময় এর সুফলও পাওয়া যাবে।
‘রইদ’-এর গল্প আবর্তিত হয়েছে সাধু ও তাঁর স্ত্রী পাগলির সম্পর্ককে ঘিরে। সরল অথচ গভীর এই আখ্যানের মধ্য দিয়ে প্রেম, নীরবতা এবং মানবজীবনের আদিম অনুভূতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সিদ্দিক আহমেদ, মেজবাউর রহমান সুমন, জাহিন ফারুক ও শুকর্ণ শাহেদ ধীমানের চিত্রনাট্যে নির্মিত সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।
বাংলাদেশের অস্কার যাত্রায় ‘রইদ’ নির্বাচিত হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন নাজিফা তুষিও। তাঁর মতে, এই নির্বাচন বাংলাদেশের সিনেমার সামনে আন্তর্জাতিক ক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। তবে এখনই অস্কারের চূড়ান্ত মনোনয়ন নিশ্চিত হয়নি। আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে নির্বাচিত দেশগুলোর ছবির মধ্য থেকে পরবর্তী ধাপে চূড়ান্ত মনোনয়ন তালিকা তৈরি হবে।
সাত সদস্যের বাংলাদেশ অস্কার কমিটির মূল্যায়ন ও আলোচনার ভিত্তিতে ‘রইদ’কে নির্বাচিত করা হয়েছে। কমিটির চেয়ারপারসন জহিরুল ইসলাম। সদস্য হিসেবে ছিলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, অপি করিম, সাইয়্যিদ শাহজাদা আল কারীম এবং শাহরীন আক্তার সুমি। ‘রইদ’-এর এই নির্বাচন বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আন্তর্জাতিক অস্কার মঞ্চে আরও একবার নিজেদের গল্প তুলে ধরার সুযোগ তৈরি করল। এখন নজর থাকবে অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকার দিকে।
আরও পড়ুন : MrBeast রণবীরের সাহায্যে ‘জয় শ্রী রাম’ বললেন মিস্টারবিস্ট, ‘রামায়ণা’ অনুষ্ঠানে চমক