Oscars 2027: Marathi film Gondhal becomes India’s official entry for Oscars 2027

Oscars 2027: অস্কারের দৌড়ে মারাঠি ছবি ‘গোঁধল

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর: অস্কারের মঞ্চে এ বার ভারতের প্রতিনিধিত্ব করবে মারাঠি ছবি ‘গোঁধল’। সন্তোষ ডাভখর পরিচালিত এই মনস্তাত্ত্বিক থ্রিলারকে ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে ভারতের সরকারি প্রবেশিকা হিসেবে বেছে নিয়েছে ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া। ৩৩টি ছবির মধ্যে থেকে এই নির্বাচন করা হয়েছে।

গ্রামীণ মহারাষ্ট্রের পটভূমিকায় তৈরি ছবিটির গল্প আবর্তিত হয়েছে ‘গোঁধল’ নামে পরিচিত ঐতিহ্যবাহী ধর্মীয়-লোকাচারের চারপাশে। বিবাহিত জীবনে অসুখী সুমনের ব্যক্তিগত টানাপড়েন, সম্পর্কের জটিলতা এবং এক গোঁধলি শিল্পীকে ঘিরে তৈরি হওয়া বিপজ্জনক পরিস্থিতিই ছবির কাহিনির কেন্দ্রে। লোকসংস্কৃতি ও মনস্তাত্ত্বিক টানাপড়েনকে একসঙ্গে পর্দায় এনেছেন ডাভখর।

ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কিশোর কদম, ইশিতা দেশমুখ, যোগেশ সোহোনি ও নিশাদ ভোইর। ২০২৫ সালে ৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, গোয়ায় ‘গোঁধল’-এর জন্য সেরা পরিচালকের সিলভার পিকক সম্মান পান সন্তোষ ডাভখর।

অস্কারের দৌড়ে ‘গোঁধল’ চতুর্থ মারাঠি ছবি। এর আগে ‘শ্বাস’, ‘হারিশ্চন্দ্রাচি ফ্যাক্টরি’ এবং ‘কোর্ট’ ভারতীয় সরকারি প্রবেশিকা হিসেবে নির্বাচিত হয়েছিল। তবে আন্তর্জাতিক ফিচার বিভাগে এখনও কোনও ভারতীয় ছবি অস্কার জিততে পারেনি। ‘মাদার ইন্ডিয়া’, ‘সালাম বম্বে!’ এবং ‘লগান’ এই বিভাগে মনোনয়ন পেয়েছিল। ৯৯তম অস্কার অনুষ্ঠিত হবে ১৪ মার্চ ২০২৭, হলিউডের ডলবি থিয়েটারে।