Bigg Boss Bangla: : Bigg Boss Bangla: Saurav Das to Enter as Third Wild Card, Know Who May Face Double Elimination

Bigg Boss Bangla: তৃতীয় ‘ওয়াইল্ড কার্ড’ এন্ট্রি সৌরভ দাস! জানেন এ সপ্তাহে আউট হবেন কোন ২ প্রতিযোগী?

কলকাতা, ১৯ সেপ্টেম্বর: জমে উঠেছে ‘বিগ বস বাংলা’র ঘরের খেলা। রাজবীর দে এবং জীতু কমলের প্রবেশের পর থেকেই বদলেছে ঘরের সমীকরণ। তার মধ্যেই এবার নতুন চমকের জল্পনা। তৃতীয় ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে অভিনেতা সৌরভ দাস ‘বিগ বস বাংলা’র ঘরে প্রবেশ করতে পারেন বলে টলিপাড়ায় জোর গুঞ্জন।

শুরু থেকেই সৌরভের নাম শোনা গেলেও প্রিমিয়ারে তাঁর দেখা মেলেনি। ফলে অনুরাগীদের একাংশ হতাশ হয়েছিলেন। তবে এবার ফের তাঁর প্রবেশের খবর সামনে এসেছে। যদিও অভিনেতার তরফে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি, সূত্রের দাবি, চলতি সপ্তাহের মাঝপথেই সারপ্রাইজ এন্ট্রি নিতে পারেন ‘মন্টু পাইলট’ খ্যাত অভিনেতা।

অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও হাত পাকিয়েছেন সৌরভ। ‘অভিমান’-এর মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশের পর যিশু সেনগুপ্তের সঙ্গে যৌথ উদ্যোগে প্রযোজনা সংস্থাও শুরু করেছেন তিনি। তাঁর হাতে রয়েছে একাধিক নতুন কাজ। এমন সময়েই ‘বিগ বস বাংলা’য় যোগ দেওয়ার জল্পনা বাড়তি কৌতূহল তৈরি করেছে।

তবে শুধু নতুন প্রতিযোগীর প্রবেশ নয়, এই সপ্তাহে আরও বড় চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। সূত্রের খবর, একসঙ্গে দু’জন প্রতিযোগীকে ঘর ছাড়তে হতে পারে। অর্থাৎ শনি ও রবিবার মিলিয়ে হতে পারে ডাবল এলিমিনেশন।

সম্ভাব্য বিদায়ের তালিকায় উঠে আসছে অ্যালেক্সজান্দ্রা ও সায়ক চক্রবর্তীর নাম। রাজবীরকে নিয়ে অ্যালেক্সের কিছু মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হয়েছে বলে দাবি দর্শকদের একাংশের। অন্যদিকে, সায়কের পারফরম্যান্স নিয়েও শুরু হয়েছে আলোচনা।

তবে ‘বিগ বস’-এর খেলায় শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলের নজির রয়েছে। তাই সৌরভের প্রবেশ এবং অ্যালেক্স-সায়কের বিদায়—দুটিই এখন দর্শকদের নজরে।