কলকাতা: রাস্তায় নেমে বিভিন্ন বিষয়ে সক্রিয়তা দেখানোর বদলে নিজেদের দফতরের কাজে আরও বেশি মন দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে মন্ত্রী অগ্নিমিত্রা পাল ও শারদ্বত মুখোপাধ্যায়কে। বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁদের এই বার্তা দিয়েছেন বলে সরকারি সূত্রের দাবি।
সূত্রের খবর, মন্ত্রিসভার বৈঠকে দুই মন্ত্রীর সাম্প্রতিক মাঠে নেমে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়টি উঠে আসে। অগ্নিমিত্রার একাধিক পথ-ভিত্তিক কর্মসূচি এবং শারদ্বতের সরকারি হাসপাতাল পরিদর্শন ও জনসংযোগ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছিল। সেই প্রেক্ষিতেই তাঁদের দফতরের কাজকে আরও গুরুত্ব দেওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Baguiati Crime News এক ঘরে পোষ্য কুকুর, অন্য ঘরে যুবকের রক্তাক্ত দেহ! বাগুইআটিতে লুটের অভিযোগ
অগ্নিমিত্রাকে এর আগে ফুটপাত দখল, পথ নিরাপত্তা এবং বাজার সংক্রান্ত নানা বিষয়ে সরাসরি পদক্ষেপ করতে দেখা গিয়েছে। অন্য দিকে, স্বাস্থ্য দফতরের দায়িত্ব নেওয়ার পর শারদ্বতও বিভিন্ন সরকারি হাসপাতালে আচমকা পরিদর্শন করেছেন। বুধবারই বিধাননগরে একটি কর্মসূচিতে বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়ার সঙ্গে শারদ্বতের প্রকাশ্য বাদানুবাদ নিয়েও চর্চা হয়।
এ দিনের মন্ত্রিসভার বৈঠকে শুধু দুই মন্ত্রীর কাজের ধরন নিয়েই নয়, প্রশাসনিক কাজের গতি বাড়ানো নিয়েও নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। দফতর ধরে নিয়োগ-সংক্রান্ত সমস্যাগুলির দ্রুত সমাধানের পাশাপাশি নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী বাজেট বরাদ্দ ব্যবহার করার কথা বলা হয়েছে।
আরও পড়ুন: Kolkata Hotel Crackdown: হোটেল-গেস্টহাউসে কড়াকড়ি, বিপাকে বাংলাদেশি রোগীরা
সূত্রের দাবি, বিভিন্ন দফতরে দ্রুত নিয়োগের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। কলকাতা পুলিশে ২,০০০ এবং রাজ্য পুলিশে ৬,০০০ নিয়োগের বিষয়টি আদালতে বিচারাধীন থাকলেও প্রক্রিয়া দ্রুত এগোনোর ইঙ্গিত দেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর বার্তা, প্রশাসনিক কাজের ক্ষেত্রে পরিকল্পনা, বাজেটের সদ্ব্যবহার এবং দফতরভিত্তিক ফলাফলের উপরেই গুরুত্ব দিতে হবে।