নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর: খাবারের পাশাপাশি নিত্যব্যবহার্য কিছু ভোগ্যপণ্যের ক্ষেত্রেও আমিষ ও নিরামিষের পরিচয় স্পষ্ট করতে রঙের ফোঁটা ব্যবহারের নিয়ম ফের সামনে এসেছে। কেন্দ্রের নতুন সংশোধনী অনুযায়ী, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, প্রসাধনী এবং অন্যান্য টয়লেট্রিজের মোড়কের প্রধান প্রদর্শন অংশে নির্দিষ্ট রঙের ফোঁটা রাখতে হবে।
সংশোধিত নিয়মে বলা হয়েছে, পণ্যটি আমিষ উৎসের হলে লাল অথবা বাদামি রঙের ফোঁটা এবং নিরামিষ উৎসের হলে সবুজ রঙের ফোঁটা ব্যবহার করতে হবে। এমন জায়গায় এই চিহ্ন রাখতে হবে, যাতে প্যাকেট হাতে নেওয়ার পর ভোক্তার সহজেই চোখে পড়ে এবং কেনার আগে পণ্যের ধরন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া যায়।
তবে বিষয়টি একেবারে নতুন নয়। সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, প্রসাধনী ও টয়লেট্রিজের ক্ষেত্রে আমিষ-নিরামিষ চিহ্ন ব্যবহারের বিধান ২০১৪ সাল থেকেই ছিল। সেই সময় থেকেই এই ধরনের পণ্যের মোড়কে আমিষের জন্য লাল বা বাদামি এবং নিরামিষের জন্য সবুজ ফোঁটা ব্যবহারের নিয়ম চালু হয়েছিল।
২১ সেপ্টেম্বর প্রকাশিত Legal Metrology (Packaged Commodities) Fourth Amendment Rules, 2026-এ পুরনো Rule 6(8)-এর পরিবর্তে সংশ্লিষ্ট বিধান Rule 6(4A)-এর অধীনে রাখা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশোধনী প্রকাশের দিন থেকেই কার্যকর হয়েছে।
আরও পড়ুন: Raaka: মুক্তির আগেই গিনেস রেকর্ড দীপিকা-আল্লুর ৮০০ কোটির ‘রাকা’র
এই বিধানের মূল উদ্দেশ্য হল পণ্যের উপাদান সম্পর্কে ভোক্তাকে স্পষ্ট তথ্য দেওয়া। বিশেষ করে যাঁরা ধর্মীয়, নৈতিক বা ব্যক্তিগত কারণে নিরামিষ পণ্য বেছে নেন, তাঁদের জন্য প্যাকেটের এই চিহ্ন পণ্য নির্বাচনের ক্ষেত্রে সহায়ক হতে পারে।
কেন্দ্রীয় সরকারের উপভোক্তা বিষয়ক মন্ত্রকের অধীন Legal Metrology (Packaged Commodities) Rules, 2011-এর ধারাতেই এই পরিবর্তন আনা হয়েছে।