পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর সময় ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া বিধানসভা নির্বাচনের ফলাফলে কোনও উল্লেখযোগ্য প্রভাব ফেলেনি বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে নির্বাচন কমিশন। সোমবার আদালতে দেওয়া হলফনামায় কমিশন দাবি করেছে, যে আসনগুলিতে ভোটার বাদ যাওয়ার সংখ্যা জয়ের ব্যবধানের চেয়ে বেশি ছিল, তার মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাও ২১টি আসনে জয় পেয়েছেন।
তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন ৩১টি বিধানসভা কেন্দ্রের ফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিলেন। তাঁর যুক্তি ছিল, ওই কেন্দ্রগুলিতে SIR-এর মাধ্যমে বাদ দেওয়া ভোটারের সংখ্যা বিজেপি প্রার্থীদের জয়ের ব্যবধানের চেয়ে বেশি। সেই আবেদনের জবাবেই সুপ্রিম কোর্টে নিজেদের অবস্থান জানিয়েছে নির্বাচন কমিশন।
কমিশনের বক্তব্য, বাদ দেওয়া সমস্ত নামকে ‘ভোটাধিকার হরণ’-এর সঙ্গে এক করে দেখা ঠিক নয়। অনুপস্থিত, অন্যত্র চলে যাওয়া, মৃত এবং একই ব্যক্তির একাধিক নামের মতো ASDD শ্রেণির নাম বাদ দেওয়ার বিষয়টিও ডেরেক ও’ব্রায়েনের দেওয়া পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দাবি করেছে কমিশন। এই ধরনের নাম বাদ দেওয়ার সংখ্যা বাদ দিলে, বেশ কয়েকটি কেন্দ্রে চূড়ান্তভাবে বাদ পড়া ভোটারের সংখ্যা জয়ের ব্যবধানের চেয়ে কম বলে কমিশনের বক্তব্য।
কমিশন আরও জানিয়েছে, ডেরেক ও’ব্রায়েন যে মাপকাঠি ব্যবহার করে নির্বাচন বাতিলের দাবি করেছেন, সেই একই মাপকাঠি প্রয়োগ করলে তৃণমূলের জেতা ২১টি আসনের ক্ষেত্রেও একই প্রশ্ন উঠবে। তাই ওই যুক্তিকে ফলাফল বদলে যাওয়ার প্রমাণ হিসেবে গ্রহণ করা যায় না বলে দাবি করেছে নির্বাচন কমিশন।
পাশাপাশি, SIR-সংক্রান্ত আপিলের বিপুল সংখ্যক মামলা এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। কমিশনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, মোট ৩৮,৩১,৪২৯টি আপিলের মধ্যে ১,২৬,১৯৪টির নিষ্পত্তি হয়েছে। অর্থাৎ ৩৭,০৫,২৩৫টি মামলা এখনও বাকি। এর মধ্যে ২২,২১,১১৮টি আপিল করেছেন তালিকা থেকে বাদ পড়া ভোটারেরা এবং ১৬,১০,৩১১টি আপিল করা হয়েছে অন্যদের নাম তালিকায় অন্তর্ভুক্তির বিরোধিতা করে। কমিশন আপিল ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোরও প্রস্তাব দিয়েছে।
এর আগে কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, SIR-এ বাদ পড়া প্রায় ২৭.১৬ লক্ষ ভোটারের মধ্যে ২২.২১ লক্ষের বেশি ইতিমধ্যে তাঁদের নাম পুনর্বহালের জন্য আপিল করেছেন।