সব ক্ষতিকর সম্পর্কের শুরু যে খারাপ আচরণ দিয়ে হয়, এমনটা নয়। অনেক সময় অতিরিক্ত মিষ্টি ব্যবহার, অকারণ প্রশংসা কিংবা অতিরিক্ত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা দিয়েই সম্পর্কের শুরু। পরে বোঝা যায়, বিশ্বাস করে যে মানুষটির কাছে ব্যক্তিগত কথা বলা হয়েছিল, সেই কথাই অন্যের কাছে পৌঁছে যাচ্ছে। তাই কর্মক্ষেত্র হোক বা ব্যক্তিগত জীবন—কাউকে বিশ্বাস করার আগে তাঁর আচরণের কিছু দিক খেয়াল করা জরুরি।
আপনার গোপন কথা কি বারবার অন্যের কাছে পৌঁছে যাচ্ছে? তাহলে বিষয়টি হালকাভাবে না নেওয়াই ভালো। একবার ভুল হতে পারে, কিন্তু একই ঘটনা বারবার ঘটলে ওই ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য ভাগ করে নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা দরকার।
অতিরিক্ত মিষ্টি ব্যবহারও কখনও সতর্ক হওয়ার কারণ হতে পারে। কেউ যদি অল্প পরিচয়েই অস্বাভাবিকভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন, সব কথায় প্রশংসা করেন বা খুব দ্রুত আপনার আস্থা অর্জন করতে চান, তাহলে সময় নিয়ে তাঁকে বোঝার চেষ্টা করুন।
আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল অন্যের সম্পর্কে তাঁর কথাবার্তা। আপনার সামনে যদি কেউ নিয়মিত অন্যের ব্যক্তিগত বিষয়, দুর্বলতা বা গোপন কথা নিয়ে আলোচনা করেন, তাহলে মনে রাখা দরকার—আপনার অনুপস্থিতিতেও আপনার কথা একইভাবে আলোচিত হতে পারে।
কেউ যদি আপনার প্রশংসা করার পাশাপাশি নিয়মিত অন্যদের ছোট করেন বা তাঁদের বিরুদ্ধে কথা বলেন, তাতেও অন্ধভাবে সায় দেবেন না। কারণ অন্যকে নিয়ে তাঁর এই আচরণ ভবিষ্যতে আপনার ক্ষেত্রেও হতে পারে।
তবে শুধু একটি লক্ষণ দেখেই কাউকে ‘টক্সিক’ বা বিষাক্ত মানুষ বলে চিহ্নিত করা ঠিক নয়। মানুষের আচরণ পরিস্থিতি অনুযায়ী বদলাতে পারে। তাই কোনও সম্পর্ক নিয়ে অস্বস্তি তৈরি হলে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে একাধিক আচরণ, ধারাবাহিকতা এবং সেই সম্পর্ক আপনার উপর কী প্রভাব ফেলছে—এসব বিষয় বিবেচনা করুন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশ্বাস মানেই নিজের সব ব্যক্তিগত তথ্য কাউকে জানিয়ে দেওয়া নয়। সম্পর্ক যত ঘনিষ্ঠই হোক, নিজের সীমারেখা বজায় রাখা এবং প্রয়োজনমতো ‘না’ বলতে শেখাই সুস্থ সম্পর্কের অন্যতম ভিত্তি।